Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সংখ্যায় এগিয়ে, তবু পাশের হারে ছাত্রদের ছুঁতে পারছে না ছাত্রীরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কন্যাশ্রী, সবুজসাথী বা রূপশ্রীর মতো প্রকল্পের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রদের টেক্কা দিচ্ছে ছাত্রীরা।

সংখ্যায় এগিয়ে, তবু পাশের হারে ছাত্রদের ছুঁতে পারছে না ছাত্রীরা
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কন্যাশ্রী, সবুজসাথী বা রূপশ্রীর মতো প্রকল্পের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রদের টেক্কা দিচ্ছে ছাত্রীরা। এবারের মাধ্যমিকও তার ব্যতিক্রম নয়। তবে, পাশের হারে ছাত্রদের টেক্কা দেওয়া তো দূরের কথা, তাদের ছুঁতেই পারছে না ছাত্রীরা। এ বছর ৮৯,১৯ শতাংশ ছাত্র মাধ্যমিকে পাশ করেছে। আর ছাত্রীদের পাশের হার ৮৪.৩৯ শতাংশ। অর্থাৎ ছাত্রীরা ৪.৮০ শতাংশ কম পাশ করেছে। তবে আশার কথা, এই ফারাক কমেছে। গত বছর ছাত্রীরা পিছিয়ে ছিল ৫.৩১ শতাংশে।

Advertisement

প্রথম দশের মেধা তালিকাতেও ৬৬ জনের মধ্যে মাত্র ১১ জন ছাত্রী রয়েছে। সম্প্রতি প্রকাশিত আইসিএসই বা আইএসসি পরীক্ষার ফল ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে দশম এবং দ্বাদশে রাজ্য তো বটেই, দেশের সেরা হয়েছে কলকাতার দুই ছাত্রী। শুধু তাই নয়, পাশের হারেও ছেলেদের ভালোভাবেই হারিয়েছে ছাত্রীরা। তাহলে রাজ্য বোর্ডে এই ব্যতিক্রম কেন? সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক তথা জেন্ডার স্টাডির গবেষক সমতা বিশ্বাস জানান, এর একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, সমাজের সর্বস্তরে ছেলে এবং মেয়েদের শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয় না। এখনও অনেক পরিবার মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে চায়। তাই, মুখ্যমন্ত্রীর নানা প্রকল্প শিক্ষায় মেয়েদের অন্তর্ভুক্তি বাড়াতে পারলেও, তারা সব ভুলে পুরোপুরি পড়াশোনায় নিজেদের নিয়োজিত করতে পারেনি। তাছাড়া, অনেক সময় স্কুলে পরিষ্কার শৌচালয়ের অভাবে ঋতুমতী ছাত্রীরা কয়েকদিন স্কুল কামাই করে। এই বিষয়েও নজর দিতে হবে। তবে, মেয়েরা সংখ্যায় বাড়লে ধীরে ধীরে মেধাতেও টক্কর দেবে বলেই আশা অধ্যাপকের।

Advertisement
সম্পর্কিত সংবাদ