টেক্সাস, ১৭ জুন: ড্র হল কঙ্গো-পর্তুগাল ম্যাচ। স্কোর ১-১। আজ, বুধবার রাতে ফিফা বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় গ্রুপ কে-এর টিম পর্তুগাল এবং কঙ্গো। ভারতীয় সময় রাত সাড়ে ১০টার সময় শুরু হয় খেলা। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধ্ব থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে টিম পর্তুগাল। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় কঙ্গো ডিভেন্স ভেদ করে গোল করেন পর্তুগালের ১৫ নম্বর জার্সিধারী নেভিস। তার হেডের সুবাদে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ৩২ মিনিটে কঙ্গোর ইডো বক্সের বাইরে থেকেই শট নেন। কিন্তু তা আটকে দেন পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কোস্টা। প্রথমার্ধ্বের ৪৫ মিনিট শেষে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। সেই সময় শেষ হওয়ার ঠিক আগেই হেড করে গোল শোধ করেন কঙ্গোর ২০ নম্বর জার্সিধারী ইওয়ানে। হাফটাইমে স্কোর দাঁড়ায় ১-১। তবে প্রথম হাফ শেষে বল পজেশনে এগিয়ে ছিল পর্তুগালই। ৭৯ শতাংশ বল পজেশন ছিল তাঁদেরই দখলে।



