Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার তিন পুর এলাকায় চালু কেন্দ্রের নকশা প্রকল্প, সব পুরসভায় স্মার্ট ম্যাপিংয়ের আরজি রাজ্যের

জমি, বাড়ি থেকে যাবতীয় ল্যান্ড রেকর্ডস। বাংলায় এবার বিভিন্ন পুর এলাকায় স্মার্ট ম্যাপিং হবে। রাজ্যের তিনটি পুর এলাকায় পাইলট প্রজেক্ট হিসাবে আপাতত এর কাজ শুরু হচ্ছে।

বাংলার তিন পুর এলাকায় চালু কেন্দ্রের নকশা প্রকল্প, সব পুরসভায় স্মার্ট ম্যাপিংয়ের আরজি রাজ্যের
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: জমি, বাড়ি থেকে যাবতীয় ল্যান্ড রেকর্ডস। বাংলায় এবার বিভিন্ন পুর এলাকায় স্মার্ট ম্যাপিং হবে। রাজ্যের তিনটি পুর এলাকায় পাইলট প্রজেক্ট হিসাবে আপাতত এর কাজ শুরু হচ্ছে। সেগুলি হল অশোকনগর-কল্যাণগড় মিউনিসিপ্যালিটি, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা। কেন্দ্রীয় সরকারি কর্মসূচি ‘নকশা’র অধীনেই এই কাজ হবে। এই তিন পুরসভায় এই স্মার্ট ম্যাপিংয়ের কাজ শুরুর অর্থ বেশ কয়েক মাস আগেই বরাদ্দ করেছে কেন্দ্র। তবে নানা কারণে সেই কাজ শুরু হয়নি। একই সঙ্গে বাকি পুরসভাগুলিতেও এই প্রকল্প রূপায়ণের তোড়জোড়ও নেওয়া হয়নি। কারণ, মনে করা হতো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের জমি সংক্রান্ত সমস্ত তথ্য চলে যাবে কেন্দ্রের হাতে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সমস্ত পুরসভায় এই স্মার্ট ম্যপিংয়ের আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে। ফলে আগামী কিছু মাসের মধ্যে বাকি ১২৫ পুরসভাতেও এই কাজ শুরু হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

কী এই ‘নকশা’ প্রকল্প? প্রধানত অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে সুনির্দিষ্ট অক্ষাংশ, দ্রাঘিমাংশ মেনে জমি, বাড়ি, ল্যান্ড রেকর্ডসের স্মার্ট তথ্যভাণ্ডার তৈরি করাই এই অন্যতম মূল উদ্দেশ্য। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি ডিপার্টমেন্ট অব ল্যান্ড রিসোর্সের আওতায় ‘ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম (ডিআইএলআরএমপি)’-এর অধীনে ‘নকশা’ চালু করেছে মোদি সরকার। পাইলট প্রজেক্টে সারা দেশের ২৬টি রাজ্যে ১৫২টি আর্বান লোকাল বডিসকে এর আওতায় আনা হয়েছে। বাংলার ভাগ্যে জুটেছে উল্লিখিত তিনটি পুর এলাকা। রাজ্যে মোট আর্বান লোকাল বডিসের সংখ্যা ১৩২টি। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে দেওয়া এক লিখিত জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন,‘আওতাধীন হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের পূর্বতন সরকার তিনটি পুর এলাকাকে নকশা কর্মসূচিতে অংশগ্রহণই করায়নি।’ মন্ত্রক জানিয়েছে, সার্ভে অব ইন্ডিয়াকে ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অব ল্যান্ড রিসোর্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের ওই তিনটি পুর এলাকায় ড্রোন ফ্লাইংয়ের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এবিষয়ে রাজ্যের ক্ষেত্রে দরপত্র আহ্বান প্রক্রিয়াও দ্রুত শুরু হচ্ছে। জিওগ্র্যাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এর মাধ্যমে পুরো কাজ হবে। রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট পুর এলাকার বাছাই করা কর্মীরা। ওই কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শীঘ্রই শুরু হতে চলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ