সংবাদদাতা, কাটোয়া: নির্জন গভীর অরণ্য। সেখানে বসলে শোনা যায় নানা রকম পাখির ডাক। জঙ্গলঘেরা আদিবাসী গ্রাম, পুরনো আমলের জমিদার বাড়ি, টেরাকোটা পুরনো মন্দির সবকিছুই মন কাড়বে। ঘন শাল পিয়ালের জঙ্গল সেই আউশগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে কয়েক দশক ধরে বলিউড, টলিউড পরিচালকরা মজেছেন। অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে আদুরিয়া, কালিকাপুরের জঙ্গলে এসেছেন দেব থেকে অঙ্কুশ। পাশাপাশি এখানে পর্যটনের ভাবনাও রয়েছে ব্লক প্রশাসনের।
প্রতিবছর নিয়ম করে আউশগ্রামে শ্যুটিং করতে আসেন বলিউড, টলিউডের সিনেমা নির্মাতারা। শিবপ্রসাদ-নন্দিতা জুটি ছাড়াও এখানে এসেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ থেকে শ্রাবন্তী। এমনকী বলিউডের নায়িকা কাজলও গতবছরে শ্যুটিং করে গিয়েছেন। নামী শিল্পীরা জঙ্গলে শুটিং করতে আসেন, কিন্তু তাঁরা রাত্রিযাপন করতে পারেন না। বোলপুর বা দুর্গাপুরে তাঁদের থাকতে হয়। তাছাড়া ভালো মানের হোটেলও নেই। গেস্ট হাউস, হোমস্টে বা রিসর্ট বলে কিছু নেই। আউশগ্রাম-২ ব্লকের বিডিও চিন্ময় দাস বলেন, আমরা জেলা প্রশাসনের আধিকারিক ও বনদপ্তরের সঙ্গে এ নিয়ে কথা বলব।
আউশগ্রামে মূলত দু’ধরনের শ্যুটিংয়ের জন্য ভিড় বাড়ে। একটি পুরনো আমলের জমিদার বাড়ি, টেরাকোটা মন্দির, বাঁধানো পুকুর ঘাট, সেটা এক্কেবারে জমিদার বাড়ির খিড়কি লাগোয়া। কালিকাপুরের সাতমহলা জমিদার বাড়িকে ঘিরে কয়েক দশক ধরে শ্যুটিং হচ্ছে৷ পাশেই মৌখিরাতে রয়েছে অনেক টেরাকোটা মন্দির। সেখানেও শ্যুটিং হয়৷ বলিউড, টলিউড, তেলুগু ছবির শুটিং এখানে হয়। আরেক ধরনের শুটিং হয় লালমাটির ঘন জঙ্গলে অ্যাকশন দৃশ্য। গত কয়েক বছর ধরে এখানে ঘন জঙ্গলে তৈরি হয়েছে বলিউড ছবির অ্যাশান দৃশ্য। টলিউডের গা ছমছমে পরিবেশের ঘন জঙ্গলে অ্যাকশন দৃশ্যেও শুটিং হচ্ছে। সুপারস্টার দেব চাইছেন রঘু ডাকাত সিনেমায় ঘন জঙ্গলের পরিবেশ, যেখানে টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে ডাকাতি করতে যাওয়ার দৃশ্যের শুটিং করা যাবে। আদুরিয়ার ঘন জঙ্গলের জন্য সেই চাহিদা মিটছে। আবার অঙ্কুশের একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শ্যুটিংও এখানে হয়েছে। উল্লেখ্য, শ্যুটিং হলে গ্রামের বহু মানুষ কাজ পান।
টলিউডের প্রযোজক কার্তিক শেঠ বলেন, আউশগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। তারজন্যই আমরা পুরুলিয়া, বাঁকুড়া এসব জায়গা ছেড়ে আউশগ্রামে ছুটে আসি। আউশগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের থেকে রাজ্যের অন্যান্য জঙ্গলমহল এলাকা এক্কেবারে আলাদা। মূলত কোলাহল বর্জিত জঙ্গলমহলের ভৌগোলিক অবস্থানের জন্য আউশগ্রাম বরাবরই সিনেমা নির্মাতাদের পছন্দের জায়গা। যে কোনও চিত্রনাট্যের চাহিদা মেটাতে পারে এখানকার লোকেশন। আদুরিয়ার জঙ্গলে ময়ূর আছে। সেসবও পর্যটকরা দেখতে আসেন। স্থানীয়দের দাবি, অন্তত একটা ইকো ট্যুরিজম গড়ে উঠুক।