Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

এখনও ‘নির্বিষ’ ডেঙ্গু, রাজ্যে চরম ভোগাচ্ছে ভাইরাল জ্বর

ডেঙ্গু এখনও ‘নির্বিষ’ পর্যায়ে, তবে রাজ্যে ভাইরাল জ্বরের প্রকোপ বাড়ছে। ১০০ ডিগ্রির উপরে জ্বরের কারণে অনেকেই হাসপাতালে ভর্তি। বিস্তারিত পড়ুন।

এখনও ‘নির্বিষ’ ডেঙ্গু, রাজ্যে  চরম ভোগাচ্ছে ভাইরাল জ্বর
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরা বর্ষা মানেই প্রতি বছর কপালে চিন্তার ভাঁজ। সরকারের, মানুষেরও। ডেঙ্গু থেকে দূরে থাকা যাবে তো? স্বাস্থ্যদপ্তরের অভ্যন্তরীণ বুলেটিন থেকে জানা যাচ্ছে, জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাজ্যে ১৮৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, এখনও ডেঙ্গুর পিক সময় শুরু হয়নি। 

Advertisement

কিছুদিন আগে ২০২৫ এবং ২০২৬—এই দু’বছরের ডেঙ্গুর ট্রেন্ডের তুলনা করেছিলেন স্বাস্থ্যকর্তারা। তাতে দেখা গিয়েছে, গত বছর জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে চড়চড় করে বাড়তে শুরু করেছিল ডেঙ্গু। এ বছরও তা হওয়ার আশঙ্কা রয়েছে। তবে একটাই ভরসা, এবার প্রাক-বর্ষায় তুমুল বৃষ্টি হলেও ভরা বর্ষার সময়ে বৃষ্টি হয়েছে তুলনামূলক কম। চিকিৎসকরা বল঩ছেন, যেভাবেই হোক, শহরে জল জমে থাকাটা কমাতে পারলে এবার ডেঙ্গুর বাড়াবাড়ি থেকে নিষ্কৃতি মিলতে পারে। সেজন্য পুরসভাকে সতর্ক থাকতে হবে। 
ডেঙ্গু এখনও ‘নির্বিষ’ পর্যায়ে থাকলেও রাজ্যজুড়ে চরম ভোগাচ্ছে ভাইরাল জ্বর। আট থেকে আশি, ছাড় দিচ্ছে কাউকেই। ১০০ ডিগ্রির উপর জ্বর, গা-হাতে-পায়ে ব্যথা, সঙ্গে পাঁচ থেকে সাত দিনের ভোগান্তি—গত দিন ১৫ ধরে বহু পরিবারেই শুরু হয়েছে এই উৎপাত। কারও কারও জ্বর বেড়ে ১০৩-১০৪ ডিগ্রি উঠে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পরিবার হাসপাতালে পর্যন্ত ভরতি করাচ্ছে। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব ঘোষ বলেন, ‘প্রচুর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বাচ্চাদের। জ্বরের সঙ্গে তড়কা ও অন্য উপসর্গ থাকলে এক-দুজনকে হাসপাতালেও ভরতি করতে হচ্ছে। তবে চিন্তার কিছু নেই। ৫-৭ দিনের মধ্যে ঠিকও হয়ে যাচ্ছে।’ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিস মিত্র বলেন, ‘এই সময়টায় বিশ্রাম খুব জরুরি। সংক্রামক, তাই জ্বরজারির সময় অফিস-কাছারি বা স্কুল-কলেজ না যাওয়াই উচিত। সিওপিডি, হার্টের অসুখ ইত্যাদি কো-মরবিডিটি না থাকলে অহেতুক ইনফ্লুয়েঞ্জা প্যানেল করার কোনো দরকার নেই।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ