Bartaman Logo
২৮ জুন, ২০২৬

শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি: ককরোচ পার্টির ব্যানারে আজ থেকেই অনশনে ‘র‌্যাঞ্চো’

দিল্লির যন্তরমন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করে অনশন শুরু করছেন সোণম ওয়াংচুক। কেন এটি গুরুত্বপূর্ণ জানুন।

শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি: ককরোচ পার্টির ব্যানারে আজ থেকেই অনশনে ‘র‌্যাঞ্চো’
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ, রবিবার দিল্লির যন্তরমন্তরে অনশন শুরু করছেন সমাজকর্মী তথা বাস্তবের ‘র‌্যাঞ্চো’ সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির ব্যানারেই তিনি এই অনশন কর্মসূচিতে অংশ নেবেন। ফলে স্বাভাবিকভাবেই রাজধানীর পরিবেশ আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা চরমে। একথা মাথায় রেখে ইতিমধ্যেই দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস প্রশাসন। ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে জানিয়েছেন, ‘রবিবার সকাল ১১টায় সোনম ওয়াংচুক যন্তরমন্তরে অনশন শুরু করবেন।’ 

Advertisement

নিটের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করে গত ৬ জুন প্রথমবার দিল্লির যন্তরমন্তরে প্রকাশ্যে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছিল ককরোচ পার্টি। তার আগে পর্যন্ত তাদের যাবতীয় প্রতিবাদ বিক্ষোভ সীমাবদ্ধ ছিল সোশ্যাল মিডিয়াতেই। ৬ জুনের পর দেশের বিভিন্ন প্রান্তে একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ককরোচ পার্টি। একইসঙ্গে বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে দিল্লির যন্তরমন্তরে চলছে বিক্ষোভ প্রদর্শন। এর ফলে এমনিতেই সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। পুলিসের পাশাপাশিই রয়েছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। এমন প্রেক্ষাপটে আজ, রবিবার থেকে ‘র‌্যাঞ্চো’ সোনমের অনশন কর্মসূচি শুরু হলে তা সম্পূর্ণ অন্য মাত্রা পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
ককরোচ পার্টির সদস্যদের দাবি, যতদিন পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিচ্ছেন, ততদিন পর্যন্ত তাঁরা এভাবেই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। তবে তাঁরা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন কি না, তা স্পষ্ট নয়। শনিবার থেকে অবশ্য ককরোচ পার্টির আন্দোলনে যুক্ত হয়েছে মহারাষ্ট্রে টেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো গুরুতর ইস্যুও। এবিষয়ে এদিন যন্তরমন্তরে একটি সংবাদিক বৈঠকও করা হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। সংগঠনের প্রধান অভিজিৎ দীপকের অভিযোগ, ‘কেন্দ্র হোক কিংবা রাজ্য—বিজেপিশাসিত সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কার্যত ছিনিমিনি খেলছে। একমাত্র কেন্দ্রে সিস্টেম পাল্টানো সম্ভব হলেই সর্বত্র সুরাহা মিলবে পড়ুয়াদের।’- ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ