Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের আরামবাগ-কলকাতা এসি বাস চালু করার দাবি

পরিবর্তিত হয়েছে রাজ্য সরকার। নতুন সরকারের কাছে রয়েছে আরামবাগবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা। তার মধ্যে অন্যতম হল আরামবাগ থেকে কলকাতা এসি বাস পরিষেবা।

ফের আরামবাগ-কলকাতা এসি বাস চালু করার দাবি
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আরামবাগ: পরিবর্তিত হয়েছে রাজ্য সরকার। নতুন সরকারের কাছে রয়েছে আরামবাগবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা। তার মধ্যে অন্যতম হল আরামবাগ থেকে কলকাতা এসি বাস পরিষেবা। তৃণমূলের আমলে এই পরিষেবা চালু হলেও বর্তমানে তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই শহরবাসী বলেন, তৃণমূল সরকার এসি বাস পরিষেবা চালু করেছিল। তাতে আমরা খুবই উপকৃত হয়েছিলাম। কিন্তু কোনো কারণে সেই বাস পরিষেবা বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। বর্তমানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপপ্রবাহ চলতে থাকে, তাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা আমাদের এই দাবি নিয়ে তৃণমূল সরকারের কাছে পুনরায় বাস চালু করার কথা জানিয়েছিলাম। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা চাই নতুন সরকার আমাদের এই দাবিকে মান্যতা দিয়ে পুনরায় এসি বাস চালু করুক। তবে এই বিষয়ে আরামবাগ এসবিএসটিসি বাসডিপোর এক আধিকারিক বলেন, পুরোটাই ম্যানেজমেন্ট এর বিষয়। পাবলিকের এই দাবি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। এই প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, আমাদের সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। তৃণমূলের আমলে তেমন কিছুই উন্নয়ন হয়নি। আমরা একে একে আরামবাগে উন্নয়নের জোয়ার আনবো। এসি বাস পরিষেবা যাতে পুনরায় চালু করা হয় সেই নিয়ে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলব। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দাবিতে সাড়া দিয়ে পরিবহন দপ্তর ২০১৪ সালে দুটি এসি বাস আরামবাগ থেকে কলকাতা যাওয়ার জন্য চালু করেছিল। ওই বাস দুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন, আরামবাগের তৎকালীন তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। উদ্বোধনের সময় থেকেই টিকিটের চাহিদা বাড়তে থাকে। কাঠফাটা গরমের মধ্যে মাথা পিছু ১৩০ টাকা দিয়েই বাস যাত্রীরা আরামে কলকাতায় যেতে পারছিলেন। বাসটি ননস্টপ থাকায় মাত্র আড়াই ঘণ্টার মধ্যে আরামাগ থেকে ধর্মতলা যাওয়া যাচ্ছিল। কিন্তু দুটি বাসই পুরাতন থাকায় বাস দুটির এসি মেশিন প্রায়ই বিকল হয়ে পড়ত। ফলে বাসযাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে শুরু করে। এতে উদ্বোধনের মাসখানেকের মধ্যেই বন্ধ হয়ে যায় এসি বাস পরিষেবা। তারপর বছর খানেক আগে ফের একবার এসিবাস পরিষেবা চালু করা হলেও তাও প্রায় দেড় মাস চলার পর বন্ধ হয়ে যায়। অভিযোগ, তারপর থেকে বারবার পরিবহন দপ্তরে এসি বাস পরিশেব চালু করার দাবি জানানো হলেও এই বাস পরিষেবা এখন পর্যন্ত চালু করা হয়নি। ফলে গ্রীষ্মের দাবদাহে বাসযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সামির হোসেন বলেন, কাজের জন্য আমাকে প্রায়ই কলকাতা যেতে হয়। সকাল ৯ টা থেকেই যে তাপপ্রবাহ চলতে থাকে তাতে আরামবাগ থেকে কলকাতা যেতে খুবই কষ্ট হয়। পুনরায় যদি আরামবাগ থেকে কলকাতা এসি বাস চালু করা হয়, তাহলে আমাদের আর রোদে পুড়ে কলকাতা যেতে হবে না। আমরা খুবই উপকৃত হব। তাই আমরা সরকারের কাছে পুনরায় এসি বাস চালু করার দাবি জানাচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ