


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ও বার্ন ইউনিট চালুর দাবি জোরাল হচ্ছে। অগ্নিদগ্ধ রোগীদের প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় রেফার করা হয়। কার্ডিওলজি বিভাগ এখনও চালু করা হয়নি। গরিব পরিবারের সদস্যরা চিকিৎসা করাতে গিয়ে নানা সমস্যায় পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বার্ন ইউনিট চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে।
ঝাড়গ্রামের এমএসভিপি অনুরুপ পাখিরা বলেন, বার্ন ইউনিট চালু করার প্রস্তাব রাজ্যের কাছে পাঠানো হয়েছে। সবুজ সঙ্কেত পেলেই কাজ শুরু হয়ে যাবে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলার অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান। জেলার পাশাপাশি ভিনরাজ্য থেকেও রোগীরা এখানে চিকিৎসা জন্য আসেন। গত একদশকে আধুনিকমানের চিকিৎসা পরিষেবাও মিলছে। কিন্তু কার্ডিওলজি বিভাগ ও বার্ন ইউনিট চালু করা যায়নি। জঙ্গলজুড়ে শীতকালে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধের ঘটনা বেশি ঘটে। পঞ্চাশ শতাংশ অগ্নিদগ্ধ রোগীদের কলকাতার নীলরতন সরকার ও এসএসকেএমে রেফার করা হয়। জেলা থেকে কলকাতায় গিয়ে হাসপাতালে ভর্তি হতে গেলে নানা সমস্যায় পড়তে হয়। বেসরকারি হাসপাতালে আবার চিকিৎসার খরচ বিপুল। জেলার গরিব মানুষদের কাছে জমি বাড়ি বিক্রি করতে হয়। জেলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বার্ন ইউনিট চালুর দাবি জানাচ্ছেন।
ঝাড়গ্রাম বিধানসভার সদ্য বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গিয়ে দেখা করে বার্ন ইউনিট চালু করা উদ্যোগ নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও রাজ্যে বার্ন ইউনিট চালুর প্রস্তাব পাঠানো হয়েছে। শহরের বিদ্যাসাগর পল্লি মেডিকেল কলেজ সংলগ্ন সিসিইউতে বার্ন ইউনিটের পরিকল্পনা রয়েছে। রোগীদের জন্য ১০ শয্যার বেডেরও পরিকল্পনা রয়েছে। হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, বার্ন ইউনিট দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য থাকার বড় জায়গা। যেখানে নিবিড় পর্যবেক্ষণ, সংক্রমণ নিয়ন্ত্রণ, ক্ষত পরিচর্যা, অস্ত্রোপচার করা হয়। আধুনিক যন্ত্রপাতি, সার্জেন ও দক্ষ সহকারী নিয়ে বার্ন ইউনিট চালু করা সম্ভব। প্রাথমিক চিকিৎসার পর রেফার না করে ন্যূনতম চিকিৎসা বর্তমান হাসপাতালের পরিকাঠামোর মধ্যেই দেওয়া সম্ভব। হাসপাতালে কার্ডিওলজি বিভাগ এখনও চালু করা যায়নি। হৃদরোগের মতো সমস্যায় পার্শ্ববর্তী জেলা না হলে কলকাতায় ছুটতে হয়। হাসপাতালের এক চিকিৎসক এদিন বলেন, হাসপাতালে একসময় কিন্তু একজন ডিএম কার্ডিওলজিস্ট ছিলেন। কার্ডিওলজি বিভাগ না থাকায় হার্ট সংক্রান্ত চিকিৎসা পরিষেবার কোনো সুযোগ নেই। বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক ডাঃ প্রণত টুডু বলেন, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট, কার্ডিওলজি,ট্রমা কেয়ার বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিউরোলজি বিভাগের পরিষেবা আর আপ গ্ৰেড যাতে করা হয় তার চেষ্টা শুরু হয়েছে।