


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গরম পড়তে না পড়তেই ওআরএসের চাহিদা বেড়েছে। এবার সামনে ভোট এবং সেজন্য অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন। ওই জওয়ানরাও ওআরএস চাইছেন। এমন অবস্থায় হাসপাতাল সহ অন্যান্য জায়গায় এর জোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রশাসনের কর্তারা।
জেলায় প্রতি বছর গরমের এই সময় ৩-৪ লক্ষ ওআরএসের চাহিদা থাকেই। এবার ভোটের কারণে সেটা আরো কিছুটা বেড়েছে। অথচ জেলার স্টকে আছে এক লক্ষের মতো ওআরএস। ভোটের মরশুম না হলে হয়তো সমস্যা সেরকম হতো না বলেই দাবি স্বাস্থ্যকর্তাদের। কারণ এখন বাহিনীর জন্য আলাদা করে ওআরএস রাখতে হচ্ছে। কিছুদিন বাদে ভোটকর্মীদের জন্যও তা লাগবে। তাই এখন থেকেই মজুত করে না রাখা গেলে ভোটের দিন সমস্যা দেখা দিতে পারে। আপাতত কটা দিন বৃষ্টির জন্য আবহাওয়া ভালো আছে। এরপর গরম বাড়তে শুরু করলে ওআরএসের চাহিদাও হুহু করে বাড়বে।
স্বাস্থ্য জেলা সূত্রে খবর, যে সংস্থাকে ওআরএসের সরবরাহের অর্ডার দেওয়া হয়েছে, তারা সবটা দিয়ে উঠতে পারছে না। তাই একটু সমস্যা দেখা দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, আমরা নজর রাখছি পরিস্থিতির উপর। ওই সংস্থাকে দ্রুত চাহিদা মতো ওআরএস সরবরাহ করতে বলা হয়েছে। আশা করছি ভোটের সময় কোনো সমস্যা হবে না।