নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে ভেজাল ওষুধের রমরমা। অন্যদিকে সেই চক্র ভাঙার আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও রাজ্য ড্রাগ কন্ট্রোল ভুগছে লোকবলের অভাবে। বর্তমানে সেখানে ৭০ জন আধিকারিকের অভাব রয়েছে। তাই চাকরিরত ফার্মাসিস্টদের ড্রাগ ইনসপেক্টর পদে নিয়োগ করে পরিস্থিতি মোকাবিলা করা হোক। স্বাস্থ্যসচিবসহ শীর্ষকর্তাদের কাছে চিঠি লিখে এমনই দাবি জানাল তৃণমূলপন্থী ফার্মাসিস্ট সংগঠন প্রোগ্রেসিভ ফার্মাসিস্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি দাবি করেছে, ওষুধের গুণমানের দিকে নজরদারির মতো স্পর্শকাতর বিষয়ে সেখানে সমস্যার সমাধানে পদোন্নতি নীতিতে সংস্কার প্রয়োজন। কেমন হতে পারে এই সংস্কার? সংগঠনের তরফে বলা হয়েছে চারটি বিষয়ের কথা। প্রথমত, মোট নিয়োগের অর্ধেক এতদিনকার সরকারি নিয়ম মোতাবেক সরাসরি নিয়োগ হোক। বাকি অর্ধেক নিয়োগ করা হোক, ফার্মাসিস্টদের পদোন্নতি নিয়ে। তৃতীয়ত, সেক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক হওয়ার পাশাপাশি কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক রাখা হোক। চতুর্থত, এই ব্যাপারে সর্বোচ্চ পঞ্চাশ বছরের বয়সসীমা মানা হোক।



