সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাফি (ইউএসজি) করা নিয়ে হয়রানির অভিযোগ উঠল। অনেকের দাবি, এক থেকে দেড় মাস আগে ডেট মিলছে না। রোগীদের অযথা ঘোরানো হচ্ছে। অভিযোগ, ইউএসজি’র দায়িত্বে থাকা জুনিয়র ডাক্তাররা তাঁদের মর্জিমতো রোগীদের ডেট দিচ্ছেন। কাউকে এক মাস, কাউকে দেড় মাস বাদে ডেট দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার কয়েকজন ভুক্তভোগী হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের অফিসে এই অভিযোগ করেন। তাঁদের মধ্যে সুমিতা দে বলেন, আমাকে প্রথমে ২৭ জুলাই ইউএসজি’র ডেট দেওয়া হয়েছিল। কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই ডেট কেটে ৯ সেপ্টেম্বর ডেট দেন। বারবার আসার সমস্যা রয়েছে। তার থেকে বড় কথা, চিকিৎসার জন্য ডাক্তার তাড়াতাড়ি আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছেন। সেখানে এক মাসের উপর অপেক্ষা করতে হলে চিকিৎসা কীভাবে করাব?
এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন অ্যাসিস্ট্যান্ট সুপার অভিষেক ঘোষ পদক্ষেপ করায় কয়েকজনের সমস্যার সমাধান হয়। হাসপাতালের এক কর্মী বলেন, সম্প্রতি আমার স্ত্রীকে ইউএসজি করাতে গিয়ে হয়রানির শিকার হয়েছি। জুনিয়র ডাক্তাররা আমায় চিনতে পারেননি হাসপাতালের কর্মী হিসেবে। পরবর্তীতে জায়গা মতো যোগাযোগ করতেই সঙ্গে সঙ্গে স্ত্রীর আল্ট্রাসোনোগ্রাফি করে দেওয়া হয়। এরকমভাবে সাধারণ রোগীদের প্রতিনিয়ত এখানে হয়রান হতে হচ্ছে।
যদিও রেডিওলজি বিভাগের প্রধান ডাঃ নারায়ণ পন্ডিত এ ধরনের অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, এখন দুই-তিন দিনের মধ্যেই ডেট দিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমাদের ইউএসজি’র জায়গা পরিবর্তন করা হয়েছে। এখনও সেই কাজ চলছে। সেজন্য হয়তো ভুল করে এমন হয়ে গিয়েছে। যাঁদের এমন ডেট পড়েছে, তাঁরা যোগাযোগ করলে ইউএসজি করে দেওয়া হবে।