Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেগঙ্গা: সার্বিক উন্নয়নকে সামনে রেখেই প্রচার তৃণমূলের

শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে পরিকাঠামো— সার্বিক উন্নয়নকেই সামনে রেখে দেগঙ্গায় ভোটের ময়দানে নেমেছে তৃণমূল।

দেগঙ্গা: সার্বিক উন্নয়নকে সামনে রেখেই প্রচার তৃণমূলের
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে পরিকাঠামো— সার্বিক উন্নয়নকেই সামনে রেখে দেগঙ্গায় ভোটের ময়দানে নেমেছে তৃণমূল। খণ্ড খণ্ড প্রতিশ্রুতির বদলে গুচ্ছ সমস্যার সমাধানের জন্য প্রচারে ধার আনতে চাইছেন তৃণমূল প্রার্থী আনিসুর রহমান ওরফে বিদেশ। সেই রূপরেখার কেন্দ্রে রয়েছে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এবং একটি হিমঘর। দলীয় সূত্রের দাবি, ভোটের পরপরই এই প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের পথে এগোনো হবে। সেজন্য খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে দেগঙ্গা তৃণমূলের ইস্তাহার। তাতেই মিলবে প্রতিশ্রুতির বিস্তারিত খসড়া। তবে, তাতে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাদের যুক্তি, খুড়োর কল শুনবে না মানুষ।

Advertisement

দেগঙ্গার অত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবায় কমবেশি ঘাটতি রয়েছে। প্রসূতি থেকে দুর্ঘটনায় জখম রোগী—জরুরি পরিষেবার জন্য ভরসা করতে হয় বারাসত মেডিকেল কলেজের উপর। সময়মতো পৌঁছানোই যেখানে বড়ো চ্যালেঞ্জ। এই বাস্তবতাকেই রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে তৃণমূল। প্রস্তাবিত দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালকে তাই প্রথম সারিতে রাখা হচ্ছে। যেখানে প্রসূতি বিভাগ, ট্রমা কেয়ার ইউনিট এবং ডায়ালিসিস পরিষেবার জন্য প্রতিশ্রুতি মিলছে। কৃষিক্ষেত্রেও একই সুর। দীর্ঘদিন ধরে হিমঘরের অভাবে সমস্যায় পড়ছেন দেগঙ্গার চাষিরা। ফলন ভালো হলেও সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা নেই। তাই অনেকসময় কম দামেই ফসল বেচতে বাধ্য হন তাঁরা। আর্থিক চাপই ধীরে ধীরে বড় সংকটে পরিণত হচ্ছে। তৃণমূল এই সমস্যাকে তুলে ধরেই হিমঘর নির্মাণকে ইস্তাহারের অন্যতম প্রধান অঙ্গ করতে চাইছে। শুধু স্বাস্থ্য ও কৃষি নয়। শিক্ষাতেও প্রযুক্তির প্রসার ঘটানোর প্রতিশ্রুতি দিচ্ছে শাসক দল। প্রতিটি সরকারি স্কুল ও মাদ্রাসায় ডিজিটাল ক্লাসরুম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জরুরি পরিষেবার ক্ষেত্রেও নজর কাড়তে চাইছে তৃণমূল। ‘এক কলেই অ্যাম্বুলেন্স’ এই উদ্যোগের মাধ্যমে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 
এ নিয়ে দেগঙ্গার তৃণমূল প্রার্থী বিদেশ বলেন, চলতি সপ্তাহেই ইস্তাহার প্রকাশ করা হবে দেগঙ্গা তৃণমূলের তরফে। তাতে মানুষের সার্বিক বিকাশের জন্য কী কী পরিকল্পনা আমি প্রাথমিকভাবে নিয়েছি, তা তুলে ধরব। তৃণমূল কংগ্রেস শুধু কথা দেয় না, তা পালনও করে। প্রতিশ্রুতি পূরণে মুখ্যমন্ত্রীর পায়ে পর্যন্ত ধরব। আইএসএফ প্রার্থী মফিদুল হক সাহাজি বলেন, আমরা প্রতিশ্রুতি নয় মানুষের অধিকার ফেরাব। মানুষ আমাদের বলছেন, তৃণমূলকে চাই না। মানুষের দাবি মেনে যা করার সেটাই করব। আমাদের একটাই লক্ষ্য, দুর্নীতিমুক্ত দেগঙ্গা গড়ে তোলা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ