সুরাত: দোরে দোরে ঘুরে বলেছিলেন, ভোটটা আমাকেই দেবেন। মাথা নেড়ে সম্মতি দিয়েছিলেন ভোটাররা। কিন্তু, ফলাফল প্রকাশের পর দেখা গেল—‘কেউ কথা রাখেনি।’ ঢাকঢোল পিটিয়ে প্রচারের পরও হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী। ডাবল ইঞ্জিন গুজরাতের পঞ্চায়েত ভোটের এই ফল মেনে নিতে পারেননি গেরুয়া প্রার্থী শাকিল মালেক ও তাঁর বাবা খালিদ। খেপে গিয়ে গ্রামের জলের লাইনই কেটে দেন তাঁরা। তার জেরে বেশ কয়েকদিন জলই পৌঁছয়নি গ্রামে। বিষয়টি জানাজানি হতেই খালিদ ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে ভারুচের জেলা পুলিশ। যদিও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল জামবুসার তালুকের কাবি-২ পঞ্চায়েত আসনে ভোট ছিল। তাতে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন শাকিল। কিন্তু, ২৮ এপ্রিল ফল প্রকাশের পর দেখা যায় ১০ হাজার জনসংখ্যার দেহগামে আম আদমি পার্টির কাছে হেরে গিয়েছে গেরুয়া শিবির। গ্রামের জল সরবরাহের দায়িত্বে ছিলেন শাকিল। ভোটে হার হজম করতে পারেননি তিনি। বাবাকে সঙ্গে নিয়ে গ্রামের জলের লাইন কেটে দেন বিজেপি প্রার্থী। প্রায় চারদিন জল পাননি গ্রামবাসীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপের পরিষেবা স্বাভাবিক হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোট প্রচারের সময়ও হুমকি দিয়েছিলেন শাকিল। বলেছিলেন, হেরে গেলে জল বন্ধ করে দেবেন।



