এইমস ঘোষণার পর উচ্ছ্বাসে ভাসছে দীপনগর, বাজছে ঢাক
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও কোচবিহার: রায়গঞ্জে এইমস তৈরী নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে উচ্ছ্বাস থামার নাম নেই উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ছিল প্রায় একই চিত্র। রায়গঞ্জের দীপনগর মৌজায় যেখানে এইমস তৈরির জন্য জমি চিহ্নিত হয়েছে সেই এলাকায় মানুষের সীমাহীন আনন্দ উল্লাস চোখে পড়ে। একেবারে উৎসবের চেহারা নিয়েছে এইমস নির্মাণের জন্য চিহ্নিত জমির আশপাশের এলাকা। শুক্রবার সকাল থেকে দফায় দফায় জাতীয় সড়কের ধারে ব্যান্ডপার্টির গানের তালে তালে নাচে শামিল হন উৎসাহী স্থানীয় মানুষজনের। সেই সঙ্গে জনগণের মধ্যে মিষ্টি বিলি করা হয়। ঢাক, ঢোল বাজিয়ে বের হয় একের পর এক মিছিল। একে অপরকে আলিঙ্গন। বিজেপির নেতা কর্মী সমর্থকদেরও উচ্ছ্বাসের মিছিল, সকলের নজর কাড়ে। সকলের মুখে একটাই কথা, দীর্ঘ টানাপোড়েনের পর এইমস রায়গঞ্জেই হচ্ছে! সেটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের পদক্ষেপে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে। বিজেপির স্থানীয় জনপ্রতিনিধিদের লাগাতার প্রচেষ্টায়। অনেকের বক্তব্য, দিল্লির এইমসের আদলে রায়গঞ্জে এইমস তৈরি হলে জটিল রোগের চিকিৎসা করাতে আর চেন্নাই কিংবা বেঙ্গালুরুতে যেতে হবে না। সর্বোপরি এই একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান নির্মাণ হয়ে গেলে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুরের সার্বিক উন্নয়ন হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীপনগর মৌজায় চিহ্নিত জমি অধিকাংশই সরকারি খাস জমি। তাই জমি অধিগ্রহনের ক্ষেত্রে সমস্যা নেই। এদিকে, রায়গঞ্জে এইমস নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, পনেরো বছর আগে তৃণমূলের জন্য উত্তরবঙ্গে এইমস হয়নি। যা হয় তা হয়তো ভালোর জন্যই হয়। আমরা একটা নয়, দু’দুটো এইমস পেলাম। কোচবিহারে নিজের দপ্তরে বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করেন নিশীথ। সেখানে এইমস নিয়ে তিনি বলেন, নিশ্চিত ভাবে এটা রায়গঞ্জবাসীর পাশাপাশি উত্তরবঙ্গবাসীর কাছে একটা বড় পাওনা। 

Advertisement

রায়গঞ্জে এইমস ঘোষণা আমাদের কাছে স্বপ্ন বাস্তবায়িত হওয়ার মতো। বহু আগেই এই স্বপ্ন বাস্তবায়িত হতে পারতো। যদি ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসতো।
প্রসঙ্গত, রায়গঞ্জ ব্লকে হলেও হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শীতগ্রাম পঞ্চায়েতের দীপনগর মৌজার আওতায় পানিশালা, আদিবাসীপাড়া, বর্মনপাড়া সহ বিস্তীর্ণ দীপনগর এলাকায় প্রায় ১৯৭ একর জমি চিহ্নিত হয়েছে। যার নথি ইতিমধ্যে জেলার বিজেপির জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার কর্ণজোড়ায় জনপরিষেবা সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইমস তৈরির উদ্যোগের বিষয়টি ঘোষণা করেন। রাজ্য সরকারের তরফে কেন্দ্রের কাছে ইতিমধ্যেই সেই প্রস্তাব পাঠানো হয়।
দীপনগরের কৃষি জমিতে দাঁড়িয়ে স্থানীয় কৃষক মীর বাবলু বলেন, এইমস তৈরির জায়গায় আমারও প্রায় দশ বিঘা জমি আছে।  তবে হাসপাতাল গড়তে সরকারকে সহযোগিতা করব। এটা আমাদের জন্য বড় পাওয়া।
স্থানীয় ব্যবসায়ী উত্তম চট্টোপাধ্যায় বলেন, এইমসের মতো হাসপাতাল হোক। তাতে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের পথ খুলবে। আর্থিকভাবে এলাকা সমৃদ্ধ হবে।  দীপনগরে উল্লাস বিজেপি কর্মীদের।