• রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সিক্যুয়েলেও থাকছেন দীপিকা পাড়ুকোন? সেই জল্পনাই মাথাচাড়া দিচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায় নাকি ইতিমধ্যে আলোচনা সেরেছেন দীপিকার সঙ্গে। রণবীর বর্তমানে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘রামায়ণ’ নিয়ে। এ বছর পার্ট ওয়ান মুক্তি পাবে। ‘রামায়ণ: পার্ট ২’-এর শ্যুটিং শেষ করার পরিকল্পনা আগামী বছর জানুয়ারির মধ্যে। পাশাপাশি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটও শেষ করবেন তিনি। তারপরই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সিক্যুয়েলের কাজ শুরু করবেন রণবীর। আলিয়াও হাতে থাকা যাবতীয় কাজ সেরে যোগ দেবেন শ্যুটিংয়ে। শোনা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১’ ছবিতে ক্যামিও করেছিলেন দীপিকা। শিবার মা অমৃতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার তাঁর চরিত্রটি বড়ো পরিসরে দেখানো হবে বলে খবর। এই ছবিতে দীপিকা কাজ করলে, তা হবে দ্বিতীয়বার মা হওয়ার পর তাঁর প্রথম ছবি। যদিও কবে শ্যুটিং ফ্লোরে তিনি যোগ দেবেন, তা স্পষ্ট নয়।



