দিল্লিতে পা রাখতেই আটক দিপকে, ‘মোদি-শাহ ভয় পেয়েছেন’, তোপ ককরোচ নেতার
  • ১০ অক্টোবর, ২০২৬ ১২:১৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ অক্টোবর: ধরপাকড় শুরু হয়েছিল গতকাল থেকে। বিমানবন্দর থেকেই আটক করা হতে পারে সিজেপি চেয়ারম্যান অভিজিৎ দিপকে-কে, সংশয় দেখা গিয়েছিল। সেটাই সত্যি হলো। দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হল সিজেপি নেতাকে। একইসঙ্গে আটক করা হয়েছে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও। এদিন নরেন্দ্র মোদিকে নিশানা করে দিপকে বলেন, ‘এত ভয় পাচ্ছেন কেন? নরেন্দ্র মোদি ভয় পেয়েছেন। নিজের দেশের সাধারণ মানুষের সঙ্গেই যুদ্ধ করতে চাইছেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী? প্রতিবাদ করা আমাদের অধিকার। যদি গ্রেপ্তারও করা হয়, আমি তার জন্য প্রস্তুত রয়েছি।’

Advertisement

কার্যত দুর্গে পরিণত হয়েছে দিল্লি। উঁচু ব্যারিকেডে তো রয়েছেই সঙ্গে রাস্তায় পেরেক পুঁতে দেওয়া হয়েছে। যা এর আগে দেখা গিয়েছিল কৃষক আন্দোলনের সময়ে। ‘দিল্লিজুড়ে অঘোষিত ইমার্জেন্সি’, বলছেন বিরোধীরা। মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ আরও একাধিক দাবিতে আজ নামছে ককরোচ জনতা পার্টি। আগেই পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া কর্মসূচির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। তবুও ভিড় জমাচ্ছেন বিক্ষোভকারীরা। পুলিশও ধরপাকোড় শুরু করেছে। আটক করা হয়েছে, বেঙ্গালুরুতে সিজেপির কর্মসূচিতে অংশগ্রহণকারী ধ্রুব রাঠিকে। আইসা নেত্রী নেহা বোরা গতকাল অর্থাৎ শুক্রবার বলেন,‘ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করা হয়েছিল। আজও একই ঘটনা ঘটছে। যদি আমাদের আটকানো হয়, তোমাদের নেতৃত্ব দিতে হবে। যদি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রশ্ন করে, তোমরা কী করছিলে যখন ট্রেন আটকানো হয়েছিল, রাস্তা আটকানো হয়েছিল? তখন আমাদের উত্তর এমন হতে হবে, যা আমরা গর্বের সঙ্গে বলতে পারব।’ 

আটক করা হয়েছে সিপিএম নেত্রী বৃন্দা কারাটকেও। সিপিএমের তরফে সেই দাবি করা হয়েছে সমাজ মাধ্যমে। আটক করার সময় এক সংবাদমাধ্যমকে বৃন্দা বলেন,‘জনগণ জেগে উঠেছে’। বিজেপিকে নিশানা করে তিনি বলেন,‘তাঁরা তাঁদেরকে থামাতে পারবে না। দিল্লি আমাদের সকলের।’ যদিও এই গোটা ঘটনা নিয়ে পাল্টা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘দেশে অস্থিরতা তৈরি করতে চান রাহুল গান্ধীরা। তবে আমি স্পষ্ট বলতে চাই, ভারতের জনগণ আপনাদের উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অবগত। ভারতীয় গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী, এবং আমাদের দেশের সকল দেশপ্রেমিক আপনাদের পরিকল্পনা ব্যর্থ করতে একত্রিত হবে। আপনারা পরিকল্পনা কোনোদিনও সফল হবে না।’