নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভাঙচুরের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত আমডাঙা। ভোটের ফল প্রকাশের পর এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি বিজেপির। আমডাঙার দক্ষিণপাড়ার ৯১ নম্বর এলাকায় পরপর বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বিজেপির দাবি, নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার ক্ষোভ থেকে সংগঠিত আক্রমণ চালানো হচ্ছে। ঘটনায় তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকির বিরুদ্ধে আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি।
সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী মোটরবাইক ও গাড়ি নিয়ে এলাকায় ঢুকে পড়ে। তাদের হাতে ছিল লাঠি, রড ও ধারালো অস্ত্র। পরিকল্পিতভাবে একের পর এক বিজেপি কর্মীদের বাড়ি টার্গেট করে তাণ্ডব চালানো হয়। দরজা-জানালা ভাঙচুর, ঘরের আসবাবপত্র নষ্ট করা, এমনকি বাইরে রাখা গাড়ির ক্ষতি করা হয় বলে অভিযোগ। আতঙ্কে বহু পরিবার ঘর ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দা শিখা মাল বলেন, ভোটে আমরা বিজেপিকে সমর্থন করেছি। সেটাই আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। গভীর রাতে হঠাৎ কয়েকজন বাড়িতে ঢুকে পড়ে। তারা চিৎকার করে আমাদের হুমকি দেয় এবং সবকিছু ভাঙচুর শুরু করে। আমরা প্রাণভয়ে ঘরের মধ্যে লুকিয়ে ছিলাম। বিজেপি নেতা অরিন্দম মুখোপাধ্যায়ের অভিযোগ, ওরা হেরে গিয়ে ক্ষোভে ফেটে পড়েছে। পরিকল্পনা করে আমাদের বাড়ি আক্রমণ করা হচ্ছে। থানায় অভিযোগ দায়ের করেছি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ফল প্রকাশের পর থেকে এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। আক্রমণগুলি বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিতভাবে দমিয়ে রাখার চেষ্টা। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন অর্জুন সিং। আক্রান্তদের সঙ্গে কথা বলে তিনি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, পুলিশ সঠিকভাবে কাজ করছে না। পরে তিনি আমডাঙা থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করেন এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁর কথায়, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা ব্যবস্থা নেব।
উল্লেখ্য, ছাব্বিশের ভোটে উত্তর ২৪ পরগনা জেলায় এক তৃতীয়াংশ আসন দখল করেছে বিজেপি। তবে আমডাঙা বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রেখেছে তৃণমূল। বিজেপির অভিযোগ, সেই জয়ের পরেও এলাকায় প্রভাব বজায় রাখতে বিরোধী সমর্থকদের উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিজেপি রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য মিথ্যে অভিযোগ করছে। আমডাঙায় ঘটনাস্থলে অর্জুন সিং।