নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমার বিষয়টি অনভিপ্রেত। শুক্রবার হুগলির মগরায় হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা-রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, দেশের বিদগ্ধ পণ্ডিতরা সকলেই সরকারি স্কুলের ছাত্র ছিলেন। অথচ আমাদের অভিভাবকদের একাংশের মনে হয়, সরকারি স্কুলে পড়াশোনা ভালো হয় না। অবশ্য রাজ্যের পূর্বতন সরকারও ওই মনোভাব তৈরিতে সাহায্য করেছে। শিক্ষাক্ষেত্রে লাগামছাড়া অনিয়ম নিয়ে অভিভাবক মহলে সরকারি স্কুল নিয়ে খারাপ ধারণা হয়েছে। তিনি বলেন, রাজ্যের নতুন সরকার ওই বিষয়ে পদক্ষেপ করবেন। নাগরিকদের কাছে সরকারি স্কুলকে ভরসার জায়গা করে তোলা আমাদের দায়িত্ব। এদিন নেতাজি প্রসঙ্গে সুকান্ত বলেন, দেশনায়ককে সম্মান করতে কাউকে শেখাতে হলে তা খুবই হতাশার। আশা করব সুনাগরিকরা এবিষয়ে সতর্ক হবেন। স্থানীয় বিধায়ক স্বরাজ ঘোষের উদ্যোগে এদিন হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছিল। অন্যদিকে, চুঁচুড়া রবীন্দ্রভবনে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এক প্রদর্শনীর আয়োজন হয়েছিল। সেখানে রাজ্যের জনস্বাস্থ্য ও শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য হাজির ছিলেন।



