Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ম্যানহোল, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে বিশেষ প্রশিক্ষিত টিম তৈরির সিদ্ধান্ত

কয়েক মাস আগের ঘটনা। বানতলা লেদার কমপ্লেক্স এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালা এবং ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে মৃত্যু হয় শ্রমিকের। যার জেরে তীব্র বিতর্ক তৈরি হয়।

ম্যানহোল, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে বিশেষ প্রশিক্ষিত টিম তৈরির সিদ্ধান্ত
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েক মাস আগের ঘটনা। বানতলা লেদার কমপ্লেক্স এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালা এবং ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে মৃত্যু হয় শ্রমিকের। যার জেরে তীব্র বিতর্ক তৈরি হয়। তার আগেও কলকাতা পুরসভা এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ করতে গিয়ে একাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মৃত্যু ঠেকাতে এবার ‘ইমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন ইউনিটস’ বা টিম তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ওই টিমে পর্যাপ্ত পরিকাঠামো, সরঞ্জাম সহ থাকবেন প্রশিক্ষিত কর্মীরা। এই নির্দেশিকা জারি করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। বিভিন্ন পুরসভাকে একটি কমিটি তৈরি করে এই নির্দেশ বলবৎ করতে বলা হয়েছে। 

Advertisement

দপ্তর সূত্রে খবর, আপাতত রাজ্যের ২৩টি জেলার সদর পুরসভাকে এই ইমার্জেন্সি স্যানিটেশন ইউনিটস বানাতে বলা হয়েছে। ক’টা টিম তৈরি করা হবে, তাতে ক’জন থাকবেন, তা নির্দিষ্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে পুর-কমিটিকে। তবে অন্তত দু’জন করে প্রশিক্ষিত কর্মী রাখতে বলা হয়েছে প্রতিটি টিমে। কলকাতার ক্ষেত্রে যে কমিটি এই টিম তৈরি করবে বা এই টিমের যাবতীয় কাজ পর্যালোচনা করবে, তার মাথায় রাখা হয়েছে যুগ্ম কমিশনারকে। কনভেনারের দায়িত্বে পুরসভার নিকাশি বিভাগের ডিজি। এছাড়াও সিভিল, প্ল্যানিং ও ডেভেলপমেন্ট, বিল্ডিং এবং বস্তি বিভাগের ডিজি কমিটিতে থাকবেন।
পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, দপ্তরের নির্দেশ অনুসারে এই কমিটি বৈঠক করবে। কলকাতার জন্য ক’টি টিম বানাতে হবে, তা নির্দিষ্ট করা হবে। তার জন্য কী ধরনের পরিকাঠামো, যন্ত্রপাতি বা সরঞ্জাম প্রয়োজন, সেগুলিরও ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার টোল ফ্রি নম্বর রাখতে বলা হয়েছে, যাতে যে কোনও সময় জরুরি প্রয়োজনে মানুষ সাহায্য চাইতে পারে। এই প্রসঙ্গে এক শীর্ষ পুরকর্তা বলেন, বর্তমান নিয়মে নির্দিষ্টভাবে বলা হয়েছে, ম্যানহোল বা সেপটিক ট্যাঙ্কে পরিষ্কার করতে সেখানে লোক নামানো যাবে না। যান্ত্রিকভাবে সাফাইয়ের কাজ করতে হবে। তার জন্য পুরসভার হাতে ম্যানহোল ডিসিল্টিং, ব্লো-ভ্যাক, বাকেট মেশিনের মতো যন্ত্র রয়েছে। কিন্তু অনেক সময় পরিকাঠামোগত কাজ কিছু থাকে। সেই কারণে লোক নামাতেই হয়। বর্তমানে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মেনেই ম্যানহোল বা সেপটিক ট্যাঙ্কে লোক নামানোর ব্যবস্থা করি। কিন্তু তারপরেও বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।
তাই এই বিশেষ টিম তৈরি করতে বলা হয়েছে, যেখানে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ থাকবে। এছাড়া আধুনিক সরঞ্জামও পর্যাপ্ত থাকবে। টিমের সদস্যরা প্রয়োজনীয় প্রশিক্ষণ অন্যান্য শ্রমিকদের দেবেন। জরুরি প্রয়োজনে এই টিমই ম্যানহোল বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে নামবে। কখনও ম্যানহোলে কোনও শ্রমিক আটকে গেলে, তাঁদের উদ্ধারের কাজও সামলাবেন এই প্রশিক্ষিত কর্মীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ