Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিদ্ধান্ত বদল, বারাকপুর ও দমদম আলাদা কর্পোরেশন, প্রাথমিক খসড়া বিজ্ঞপ্তির প্রস্তুতি

সিদ্ধান্ত বদল। এক মাস যেতে না যেতেই গ্রেটার বারাকপুর কর্পোরেশনের সিদ্ধান্ত থেকে পিছু হটল রাজ্য সরকার।

সিদ্ধান্ত বদল, বারাকপুর ও দমদম আলাদা কর্পোরেশন, প্রাথমিক খসড়া বিজ্ঞপ্তির প্রস্তুতি
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ মাইতি, বরানগর: সিদ্ধান্ত বদল। এক মাস যেতে না যেতেই গ্রেটার বারাকপুর কর্পোরেশনের সিদ্ধান্ত থেকে পিছু হটল রাজ্য সরকার। পরিবর্তে দমদম কর্পোরেশন ও বারাকপুর কর্পোরেশন তৈরির পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই দমদম কর্পোরেশন গঠনের বিষয়ে জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে। দমদম সহ সংলগ্ন ৭টি পুরসভাকে নিয়ে নতুন দমদম কর্পোরেশনের জন্য ড্রাফট প্রিলিমিনারি নোটিফিকেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরসভার জমি, সীমানা ম্যাপ সহ নানা তথ্য জেলা থেকে রাজ্যে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বিশাল এলাকাকে জুড়ে গ্রেটার বারাকপুর কর্পোরেশন তৈরি হলে শহরবাসীর সমস্যা ও ক্ষোভের পারদ বাড়ত বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সিদ্ধান্ত বদল করা হয়েছে।

Advertisement

গত ১৩ জুন পুর দপ্তর বারাকপুর মহকুমার সবকটি পুরসভা ও শহর লাগোয়া পঞ্চায়েতগুলিকে নিয়ে গ্রেটার বারাকপুর মিউনিসিপাল কর্পোরেশন গঠনের বিষয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে চিঠি দিয়েছিল। তাতে পুরসভাগুলির মোট এলাকা, ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা, পুরসভাগুলির গত তিন আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব, পুরসভার মোট সম্পত্তি ও ধারের পরিমাণ, কর্মী সংখ্যা, অনুমোদিত পদ, শূন্যপদের সংখ্যা সহ অন্যান্য তথ্য দিতে বলা হয়েছিল। গ্রেটার বারাকপুর কর্পোরেশনের প্রস্তাব বাস্তবায়িত হলে নৈহাটি ও হালিশহর থেকে দক্ষিণ দমদম পুরসভা পর্যন্ত বারাকপুর মহকুমার মোট ১৬টি পুরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড সহ শহর ঘেঁষা একাধিক পঞ্চায়েত অন্তর্ভুক্ত হত। প্রশাসন সূত্রে খবর, এই বিশাল পুরসভার মূল ভবন কোথায় হবে, তা নিয়ে বিতর্ক দেখা দেয়। সেক্ষেত্রে মাঝামাঝি কোনো জায়গা অর্থাৎ খড়দহ বা টিটাগড় এলাকায় ওই বড়ো পুরসভার অফিস তৈরি করতে হত। ওই এলাকায় নতুন অফিসের জন্য জায়গার যেমন সংকট রয়েছে, তেমনই সেখানে দক্ষিণ দমদম বা নদীয়া লাগোয়া হালিশহর থেকে বাসিন্দাদের যাতায়াতে ঝক্কি পোহাতে হত। এ বিষয়ে জনপ্রতিনিধিদের বড়ো অংশই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাই এই বিশাল এলাকাকে জুড়ে গ্রেটার বারাকপুর কর্পোরেশনের পরিবর্তে পৃথক দমদম ও বারাকপুর কর্পোরেশনের কথা ভাবা হয়েছে।
এই ভাবনা থেকেই গত ২৩ জুলাই জেলাশাসককে ফের চিঠি দিয়েছে রাজ্য। তাতে বলা হয়েছে, দক্ষিণ দমদম, দমদম, উত্তর দমদম, নিউ বারাকপুর, বরানগর, কামারহাটি ও পানিহাটি— এই সাতটি পুরসভাকে নিয়ে দমদম কর্পোরেশন তৈরি করা যেতে পারে। তবে প্রাথমিক খসড়া বিজ্ঞপ্তির (ড্রাফট প্রিলিমিনারি নোটিফিকেশন) জন্য কিছু তথ্য লাগবে। সেকারণে পুঙ্খানুপুঙ্খ জমির তথ্য চাই। মৌজার নাম, জেএল নম্বর, পার্ট মৌজা, আরএস প্লট নম্বর, থানার নাম, জেলার প্রিন্টেড ম্যাপ, যেখানে প্রতিটি এলাকার সীমানা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। সাতটি পুরসভাকে মিলিয়ে দমদম কর্পোরেশন গঠনের বিষয়ে পুরসভাগুলির মতামতের কপিও জমা দিতে হবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা বারাকপুরের ভূমিপুত্র অর্জুন সিং বলেন, গ্রেটার বারাকপুর কর্পোরেশনের পরিবর্তে দমদম কর্পোরেশন ও বারাকপুর কর্পোরেশন নিয়ে ভাবনাচিন্তা চলছে। দূরত্বই বড়ো সমস্যা। মানুষের স্বার্থে সঠিক পদক্ষেপই করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ