Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

সিদ্ধান্ত বদল, শহরে গ্রেপ্তার ১৬ জনেরই জামিনে মুক্তি

যুব-বিক্ষোভে শহর দখল হয়েছিল শুক্রবার। গোটা দেশের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছিল কলকাতাও

সিদ্ধান্ত বদল, শহরে গ্রেপ্তার ১৬ জনেরই জামিনে মুক্তি
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুব-বিক্ষোভে শহর দখল হয়েছিল শুক্রবার। গোটা দেশের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছিল কলকাতাও। সেই মিছিলে অশান্তি ছড়ানোর অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছিল লালবাজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, গুন্ডাদমন আইনে বিচার হবে তাঁদের। যদিও আদালত সূত্রের খবর, এখনও এই আইন সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই ধৃত কারও বিরুদ্ধে ওই আইনে মামলা ছিল না। উপরন্তু মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের রায়ে সিদ্ধান্ত বদল হল শহরের আদালতেও। দু’দিনের পুলিশ হেপাজত শেষে ধৃতদের এজলাসে পেশ করা হলে প্রথমে ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মিলতেই এদিন সন্ধ্যায় ফের ব্যাঙ্কশাল আদালতে বসল শুনানি। ‘সংশোধিত’ হয়ে এল নিম্ন আদালতের নির্দেশ। শহরে নিট-প্রতিবাদে ধৃত ১৬ জনকেই শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিলেন বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য সরকারও জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নেওয়া হবে। 

Advertisement

শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদ মিছিলে শামিল হন ছাত্র-যুব, ককরোচ জনতা পার্টির কর্মী ও বহু সাধারণ মানুষ। সেই মিছিলে অশান্তির জেরে হেয়ার স্ট্রিট থানায় ৬টি ও এন্টালি থানায় একটি মামলা রুজু হয়। অশান্তি ছড়ানোর অভিযোগে মোট ৭০ জনকে চিহ্নিত করেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় মোট ১৬ জনকে। ধৃতদের দু’দিনের পুলিশ হেপাজত শেষে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় প্রাথমিকভাবে জেল হেপাজতের আরজি জানান। বলেন, তদন্তের আর কিছু বাকি নেই। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা অবশ্য জামিনের আবেদন জানিয়েছিলেন। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক ধৃত ১৬ জনের জেল হেপাজতের নির্দেশ দেন। এদিনের এই মামলা ঘিরে সকাল থেকে আদালত চত্বরে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো।
তারপরই সুপ্রিম কোর্টের ‘অর্ডার’ এসে পৌঁছায় দেশের সমস্ত নিম্ন আদালত ও পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে। বিষয়বস্তু, নিট-প্রতিবাদে তদন্তের গতিপ্রকৃতি। ৬ পাতার একটি গাইডলাইন স্থির করে দিয়েছে সর্বোচ্চ আদালত। যদিও ওইদিনের আন্দোলন সংক্রান্ত কোনো মামলাই প্রত্যাহার হচ্ছে না। তদন্ত জারি রাখতে পারবে পুলিশ।
এই গাইডলাইন আসার পর ফের নিট-মামলায় ব্যাঙ্কশালের এজলাসে শুরু হয় শুনানি। বদলে যায় কোর্টের আগের সিদ্ধান্ত। সুপ্রিম নির্দেশ অনুসারে, ধৃত ১৬ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে কোনো পূর্ববর্তী মামলা নেই। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের জামিনেও কোনো সমস্যা হয়নি। কিন্তু লালবাজারের তথ্যভাণ্ডার বলছে, বাকি ৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। বিষয়টি আদালতে জানান সরকারি আইনজীবী। আদালত সূত্রে খবর, ওই ৬ জনের বিরুদ্ধে মামলা থাকলেও কোনো ক্ষেত্রেই তাঁরা দোষী সাব্যস্ত হননি। তাই ধৃত ১৬ জনকেই জামিনে মুক্তি দেন বিচারক। সর্বোচ্চ আদালতের নির্দেশে যেহেতু এই ইস্যুতে আর কোনো পদক্ষেপ না করার নির্দেশ জারি হয়েছে, তাই স্বস্তি পেয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। কারণ, সেদিনের মিছিলে থাকায়  তাঁর বিরুদ্ধে রাজ্যজুড়ে একাধিক মামলা হয়েছে। কিন্তু সুপ্রিম নির্দেশ মোতাবেক তিনি ‘ক্লিনচিট’ পেতে পারেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ