• বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের নানা সমস্যা মেটাতে এবার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানাল রাজ্য সরকার। কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দিয়েছে রাজ্য। জানানো হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম অ্যান্ড শ্যুটিং পলিসি’র বিষয়ে। গত ১৩ ও ২২ জুলাই নন্দনে প্রযোজক, গিল্ড, টেকনিশিয়ান ও প্রশাসনের বৈঠকে ১৮ দফা সিদ্ধান্ত হয়েছে। দ্রুত ফেডারেশন অফিস খোলা ও ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। টেকনিশিয়ানদের বয়েকা মজুরি মেটাতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রাপ্য টাকা আটকে রাখলে দোষী প্রযোজককে ‘ব্ল্যাকলিস্ট’ করা হবে। প্রযোজকদের জন্য তৈরি হবে ‘এসওপি’। পাশাপাশি কর্মক্ষেত্রে আচরণের দিকে বিশেষ নজর দেওয়া হবে। বকেয়া বা কম টাকা দেওয়ার অভিযোগে নজর রাখবে রাজ্য সরকারের। রাতের শ্যুটিংয়ের ক্ষেত্রে বাড়ি ফেরার জন্য পরিবহণের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও বাংলা ছবি প্রদর্শনে অতিরিক্ত খরচ কমাতে সরকারি হল-অডিটোরিয়াম ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। দেশ-বিদেশে বাংলা ছবির বাজার বাড়ানো, তরুণ নির্মাতাদের সাহায্য, স্বাস্থ্যবিমা ও পিএফ সুবিধা সহ একাধিক বিষয়ে পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। প্রযোজকদের পৃথক সংগঠন তৈরির প্রস্তাবও এসেছে। তিন মাস পর সিদ্ধান্তগুলির পর্যালোচনা হবে।



