Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলডাঙায় ৩১.৮৮ শতাংশের সমর্থনে জয় ফলতায় দেবাংশু পান্ডার পক্ষে ৭১% ভোট

রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটে সার্বিকভাবে ভোটদানের হার ৮২.৩ শতাংশ ছিল। এবারের ভোটে তা বেড়ে হয়েছে ৯৩.৭ শতাংশ।

বেলডাঙায় ৩১.৮৮ শতাংশের সমর্থনে জয় ফলতায় দেবাংশু পান্ডার পক্ষে ৭১% ভোট
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটে সার্বিকভাবে ভোটদানের হার ৮২.৩ শতাংশ ছিল। এবারের ভোটে তা বেড়ে হয়েছে ৯৩.৭ শতাংশ। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে একটি রিপোর্টে জানিয়েছে, রাজ্যের তিনটি বিধানসভা আসনে সবচেয়ে বেশি ৯৭-৯৮ শতাংশ ভোট পড়েছে। প্রথম দুটি স্থানে আছে দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি দুটি কেন্দ্র ভাঙড় (৯৮.০৪) ও পূর্ব ক্যানিং (৯৭.৯৬)। তৃতীয় স্থানে কোচবিহারের শীতলকুচি (৯৭.৯৬)। পাশাপাশি সবচেয়ে কম ভোটদান হয়েছে পাহাড়ের তিনটি কেন্দ্রে—দার্জিলিং (৮২.৩৭), কালিম্পং (৮৩.২৮) ও কার্শিয়াং (৮৩.৩৭)।

Advertisement

জয়ী প্রার্থীরা কত শতাংশ ভোট পেয়েছেন রিপোর্টে তাও উল্লেখ করা হয়েছে। ১৭৫ জন প্রার্থী (৬০ শতাংশ) ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।  ফৌজদারি মামলা আছে এমন ১৯১ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ১২১ জন ৫০ শতাংশ বা তার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফলতায় বিজেপির জয়ী প্রার্থী দেবাংশু পান্ডা মোট ভোটের ৭১ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন, এটাই সর্বাধিক। তাঁর জয়ের ব্যবধান ১ লক্ষ ৯ হাজার। মেটিয়াবুরুজ কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী আব্দুল খালেক মোল্লা মোট ভোটের ৬৮.৯৯ শতাংশ পেয়েছেন। তিনি জিতেছেন ৮৭,৮৭৯ ভোটে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি ৬৬.৬৬ শতাংশ ভোট পেয়ে ৮৩,৭৯০ ভোটে জিতেছেন। দার্জিলিংয়ে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন ৬৬.৫০ শতাংশ ভোট পেয়ে ১ লক্ষ ৪ হাজার ভোটে জিতেছেন। অন্যদিকে, মুর্শিদাবাদের বেলডাঙার বিজেপি প্রার্থী ভরত ঝাওয়ার মাত্র ৩১.৮৮ শতাংশ ভোট পেয়েও জয়ী হয়েছেন। ওই জেলার হরিহরপাড়ার তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ ৩৪.১৪ শতাংশ ও রানিনগরে কংগ্রেসের জুলফিকার আলি ৩৩.৪৮ শতাংশ ভোট পেয়েও জিতেছেন। 
মোট পাঁচটি কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল ১ হাজারেরও কম। পাঁচটিতে বিজেপি জিতেছে। সবচেয়ে কম এবং মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে জিতেছেন রাজারহাট নিউটাউনের পীযূষ কানোরিয়া। সাতগাছিয়ায় অগ্নীশ্বর নস্কর ৪০১ ভোটের ব্যবধানে জিতেছেন। বাকি তিনটি কেন্দ্র হল—রায়না, জাঙ্গিপাড়া ও ইন্দাস। বিজেপি মোট ভোট পেয়েছে ২ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৮০৪। তৃণমূল পেয়েছে ২ কোটি ৬০ লক্ষ ১৩ হাজার ৩৭৭। সিপিএম ২৮ লক্ষ ৩৯ হাজার ৬৭টি এবং কংগ্রেস ১৮ লক্ষ ৯০ হাজার ৮৫৮টি ভোট পেয়েছে। মোট ৪ লক্ষ ৯৪ হাজার ৯৩২টি ভোট, যা মোট ভোটের ০.৭৮ শতাংশ ‘নোটা’ তে পড়েছে। নোটায় সবচেয়ে বেশি ভোট (৪,০৩৪) দিয়েছেন পূর্ব বর্ধমানে কেতুগ্রামের ভোটদাতারা। মোট ১০টি কেন্দ্রে নোটায় প্রদত্ত ভোট ৩ হাজারের বেশি। 

সম্পর্কিত সংবাদ