Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগনানে বাস দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, এসএসকেএম-এ পাঞ্জা কষে হার কলেজ ছাত্রীর

বৃহস্পতিবার বাগনানের লাইব্রেরি মোড়ে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। শুক্রবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল আরও এক আহত বাসযাত্রীর।

বাগনানে বাস দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, এসএসকেএম-এ পাঞ্জা কষে হার কলেজ ছাত্রীর
  • ২০ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার বাগনানের লাইব্রেরি মোড়ে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। শুক্রবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল আরও এক আহত বাসযাত্রীর। মৃত বাস যাত্রীর নাম সঞ্জনা মাইতি (২১)। তাঁর বাড়ি বাগনান থানার সাবসীট গ্রাম পঞ্চায়েতের বাগুড় গ্রামে। 

Advertisement

জানা গিয়েছে, মৃত তরুনী হাওড়া গার্লস কলেজের বোটানি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। বৃহস্পতিবার বাবার সঙ্গে বেলুড় লালাবাবা কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন সঞ্জনা। দুর্ঘটনায় সে ও তাঁর বাবা দুজনেই আহত হয়েছিলেন। দুজনকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে আনার পর সঞ্জনার অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি তাঁকে কলকাতার এস এস কে এম হাসপাতালের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়। কিন্তু শুক্রবার ভোরে সেখানেই এই কলেজ ছাত্রীর মৃত্যু হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সাতসকালে বাগনানে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় ৪ জন। সকাল ৭টা ২০ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যেই বাগনান বাসস্ট্যান্ড থেকে ছাড়ে বাগনান-শ্যামবাজার রুটের বাসটি। সাড়ে ৭টা নাগাদ জনা চল্লিশ যাত্রী নিয়ে লাইব্রেরি মোড়ে আসার পর সিগন্যাল খোলা থাকায় চালক বাসটিকে জাতীয় সড়ক পার করে কলকাতামুখী রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে কোলাঘাটগামী লরিটি সরাসরি এসে ধাক্কা মারে ওই বাসে। ধাক্কার অভিঘাতে বাসটি প্রায় নব্বই ডিগ্রি ঘুরে যায়। দরজার পাশে থাকা একাধিক যাত্রী ছিটকে পড়েন রাস্তায়। বাসের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকেন বহু যাত্রী। রক্তে ভেসে যায় পিচরাস্তা। রাস্তাজুড়ে তখন শুধু আর্তনাদ আর গোঙানির শব্দ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। ওই মোড়ে কিয়স্কে থাকা পুলিস কর্মীরাও হাত লাগান তাতে। খবর পেয়ে চলে আসে বাগনান থানার পুলিস। হতাহতদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে মারা যান একজন। পরে বাগনানের একটি নার্সিংহোমে মৃত্যু হয় এক যাত্রীর। এরপর আজ সকালে মৃত্যু হল আরও একজনের। ফলে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫।

Advertisement
সম্পর্কিত সংবাদ