কোলাপুর: প্রয়াত পদ্মশ্রী শিক্ষাবিদ ডি ওয়াই পাতিল। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলাপুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১ বছর। ‘শিক্ষনমহর্ষি’ নামে খ্যাত পাটিল একদা সামলেছেন ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব। মহারাষ্ট্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। পাতিলের গড়ে তোলা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে পাঁচ দশকেরও বেশি সময় ধরে শিক্ষালাভ করেছেন গোটা দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। তাঁর রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে। যদিও পরে সক্রিয় রাজনীতি থেকে সরে পুরোপুরিভাবে শিক্ষার বিস্তারে মনোনিবেশ করেন। ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত কোলাপুরের মেয়রের দায়িত্ব সামলেছিলেন তিনি। ১৯৬৭ ও ১৯৭২ সালে পানহালা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন পাতিল।



