সংবাদদাতা, বারুইপুর: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ হিসাবে নাম ছিল ৭২ বছরের বৃদ্ধা জোৎস্না হালদারের। পরিবারের দাবি, বিষয়টি জানার পর কয়েক দিন ধরে চাপা আতঙ্কে ভুগছিলেন তিনি। এমনকি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার হৃদরোগে মৃত্যু হয় তাঁর। বাড়ি রায়দিঘির নালুয়া গ্রাম পঞ্চায়েতের গম্ভীরনাথ এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় যান মথুরাপুরের সাংসদ বাপি হালদার। মৃতার পরিবারের সঙ্গে কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। সাংসদ বলেন, প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। বেদনাদায়ক ঘটনা। নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। আমরা এই পরিবারের পাশে আছি।



