নয়াদিল্লি: দেশে সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাটল। শুক্রবার প্রকাশনা সংস্থা হারপার কলিন্স ইন্ডিয়া জানিয়েছে, আগামী ১০ নভেম্বর প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর আত্মজীবনী ‘বিলংগিং ইন্ডিয়া: এ জার্নি অব লাভ’ প্রকাশিত হবে। গত সপ্তাহে সোনিয়ার আত্মজীবনী প্রকাশ করার সিদ্ধান্ত থেকে সরে আসে প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া’ (পিআরএইচআই)। এরপরেই ভারতে সোনিয়ার আত্মজীবনীর প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শুক্রবার পিআরএইচআই এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘আমাদের সময়ের অন্যতম প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা ‘বিলংগিং’ —প্রেম, আত্মপরিচয়, কর্তব্য ও আপন সত্তার সাথে একাত্ম হয়ে ওঠার এক নাটকীয় ও গভীর ব্যক্তিগত আখ্যান। একইসাথে এটি ভারতের যাত্রাপথকে এক বিরল ও অন্তরঙ্গ দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে।’



