নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাসের ই-কেওয়াইসি সম্পন্ন করার সময়সীমা ছিল রবিবার ২৩ আগস্ট। তা বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে মেসেজ পাঠিয়ে তা জানানো হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে। সূত্রের খবর, এরাজ্যে এখনো পর্যন্ত প্রায় ২০ লক্ষ গ্রাহকের ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি। সময়সীমা বৃদ্ধিতে সেই ঘাটতি আরও খানিকটা পুষিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই সময়সীমা প্রথমে ১৬ এবং পরে ২৩ তারিখ পর্যন্ত বেঁধে দেওয়া হয়। তবে সময়সীমা যাই-ই হোক না কেন, এই বিষয়ে কেন কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করছে না পেট্রলিয়াম মন্ত্রক, তা নিয়ে ক্ষোভ জমছে ডিস্ট্রিবিউটর মহলে। তাদের বক্তব্য, গ্রাহকদের একাংশ তাদের কাছে এই সংক্রান্ত সরকারি নথি দেখতে চাইছেন। কিন্তু সরকার এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগই নেয়নি। সবটাই চলছে সামাজিক মাধ্যমে, মৌখিকভাবে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজে। প্রসঙ্গত, তেল সংস্থাগুলি গ্রাহকদের জানাচ্ছে, ই-কেওয়াইসি না করা থাকলে তাঁরা গৃহস্থের দরে সিলিন্ডার কিনতে পারবেন না। অর্থাৎ তা কিনতে হতে পারে বাজার দরে।



