ব্রিসবেন: ব্যাট-বলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে আরও এক পরাজয়। মহিলাদের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়ে সিরিজ দখল করল অজিরা। রবিবার প্রথমে ব্যাট করে জিওর্জিও ভোল (১০১) ও এলিসে পেরির (১০৫) জোড়া সেঞ্চুরির সুবাদে আট উইকেটে ৩৭১ তুলেছিল হোমটিম। জবাবে ৪৪.৫ ওভারে ২৪৯ রানেই শেষ টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল হরমনপ্রীত কাউরের দল। ফলে ০-২ পিছিয়ে পড়ল ভারত। হেরে গেলে সিরিজও। বুধবার পারথে তৃতীয় ম্যাচ পরিণত হল নিয়মরক্ষায়।
Advertisement
এদিন বোলিং ও ব্যাটিং সব বিভাগেই ব্যর্থ ভারত। প্রিয়া মিশ্র দশ ওভারে দিলেন ৮৮ রান। রেনুকা সিংয়ের উপহার ৭৮। সাইমা ঠাকুর (৩-৬২), মিন্নু মানি (২-৭১) উইকেট পেলেও রানের গতি আটকাতে পারেননি। অন্যদিকে, ব্যাট হাতে স্মৃতি মান্ধানা (৯), হারলিন দেওল (১২), দীপ্তি শর্মারা (১০) চরম হতাশ করলেন। ওপেন করতে নেমে রিচা শর্মা করলেন সর্বাধিক ৫৪। জেমাইমা রডরিগেজ (৪৩), হরমনপ্রীতরা (৩৮) সেট হয়েও বড় রান পেলেন না। বরং সাত নম্বরে নেমে নজর কাড়লেন মিন্নু (৪৬)। তবে তার অনেক আগেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, ‘আমাদের কোনও কিছুই ঠিক হয়নি। স্ট্র্যাটেজির দিক থেকেও উন্নতি প্রয়োজন। এই পরাজয় অনেক কিছু শিখিয়েছে। ভুল শুধরে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা করতে হবে।’



