সেঞ্চুরিয়ন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একটা দল চূড়ান্ত হয়ে গেল রবিবার। নাটকীয়ভাবে এদিন পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। টানটান উত্তেজনার মধ্যে ২ উইকেটে জয়ের সঙ্গে সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল প্রোটিয়ারা। এবার তাদের প্রতিপক্ষ কারা হতে পারে তা নিয়েই চলবে লড়াই। জেতার জন্য চতুর্থ ইনিংসে ১৪৮ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯ রানে তিন উইকেট পড়ার পর তাদের টানেন আইডেন মার্করাম (৩৭) ও অধিনায়ক টেম্বা বাভুমা (৪০)। কিন্তু একসময় ৯৯ রানের মধ্যে আট উইকেট পড়ে যায় তাদের। ধুঁকতে থাকা দলকে উদ্ধার করেন কাগিসো রাবাডা (৩১) ও মার্কো জানসেন (১৬)। অবিচ্ছিন্ন নবম উইকেটে দু’জনে ৫১ রান যোগ করে জিতিয়ে ফেরেন। পাকিস্তানের মহম্মদ আব্বাস (৬-৫৪) থেকে যান ট্র্যাজিক নায়ক হিসেবে।



