নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৫ ফেব্রুয়ারি দুবাই রওনা হবে টিম ইন্ডিয়া। তবে বিরাট কোহলি, রোহিত শর্মারা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আসলে এই টুর্নামেন্ট থেকে কার্যকর হচ্ছে বোর্ডের নতুন ট্রাভেল পলিসি। ৪৫ দিন বা তার বেশি সময়ের সফর হলে ক্রিকেটাররা সর্বাধিক দু’সপ্তাহ স্ত্রী, সন্তানদের সঙ্গে রাখতে পারবেন। কিন্তু চাম্পিয়ন্স ট্রফি তিন সপ্তাহেই শেষ। টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি। ভারত ২০ ফেব্রুয়ারি খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ফাইনাল ৯ মার্চ। সেই কারণে ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
Advertisement
অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ক্রিকেটারদের উপর অঘোষিত ফতোয়া জারি হয়েছিল। কারণ, ডনের দেশে টিম ইন্ডিয়ার বেশ কিছু সিনিয়র ক্রিকেটার সুযোগের অপব্যবহার করেন। পরিবারের সদস্যদের পাশাপাশি সন্তানদের দেখভালের জন্য কেউ কেউ নিয়ে গিয়েছিলেন ন্যানিকে (পরিচারিকা)। এটা অবশ্য নতুন কিছু নয়। অতীতেও তারকা ক্রিকেটাররা এই ধরনের সুবিধা পেতেন। কিন্তু এবার সমস্যা আরও গভীরে। সিনিয়র ক্রিকেটাররা ম্যাচ ও প্র্যাকটিসের পর পরিবারকেই বেশি সময় দিতেন বলে অভিযোগ। ফলে জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে ভালো বোঝাপড়া গড়ে উঠছিল না। তার প্রভাব পড়েছিল ম্যাচে ও সিরিজে। মূলত গম্ভীরের প্রস্তাব মেনেই বোর্ড সিদ্ধান্ত নেয়, সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটাররা এখন থেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন না। দলের সঙ্গেই বেশি সময় কাটাতে হবে। তাঁদের যাতায়াত করতে হবে টিম বাসেই। সেটা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে চালু হয়েছে। তবে বোর্ডের এই সিদ্ধান্তকে ক্রিকেটাররা কীভাবে নিচ্ছেন, সেটা এখনই বোঝা যাবে না। কারণ, দলের তারকা ক্রিকেটারদের মধ্যে অনেকেই ফর্মে নেই। বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন। তাই ফোঁস করার সাহস তাঁরা দেখাবেন না। সেই সুযোগেই কোচ গম্ভীর শৃঙ্খলার বেড়াজালে দলকে বাঁধার চেষ্টা করছেন।



