মুম্বই, ১৬ ফেব্রুয়ারি: পহেলগাঁওয়ে নারকীয় হামলার পর কেটে গিয়েছে ১০ মাস। তারপরেও মহারাষ্ট্র সরকারের প্রতিশ্রুতিবদ্ধ সরকারি চাকরি থেকে এখনও বঞ্চিত বাবাকে হারানো ময়ে আসাওয়ারি জাগদালে। সোমবার পুনেতে সংবাদমাধ্যমের সামনে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায় পর্যটকদের উপর। আসাওয়ারির বাবা সন্তোষ জাগদালে সহ মোট ২৬ জন নিহত হন ঘটনাস্থলেই। ওই ঘটনার পর মহারাষ্ট্র সরকার রাজ্যের ছ'জন নিহতের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং নিকটাত্মীয়দের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ঘটনার ১০ মাস কেটে গেলেও এখনও বাস্তবায়িত হয়নি। বাবার মৃত্যুর পর থেকে তাঁর পরিবার আর্থিক সংকটে ভুগছে বলেও জানান আসাওয়ারি। সঞ্চয় প্রায় শেষের পথে। এই অবস্থায় কীভাবে তাদের চলবে তা একদম অনিশ্চয়তার মধ্যে।



