Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্থকে তীব্র কটাক্ষ ধৃত সনতের কন্যার, নৈহাটিতে তীব্র চাঞ্চল্য

নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে গ্রেপ্তার হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে নিশানা করে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন সনৎকন্যা সুদেষ্ণা দে।

পার্থকে তীব্র কটাক্ষ ধৃত সনতের কন্যার, নৈহাটিতে তীব্র চাঞ্চল্য
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে গ্রেপ্তার হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে নিশানা করে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছেন সনৎকন্যা সুদেষ্ণা দে। তাঁর অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের জেরেই গ্রেপ্তার করা হয়েছে বাবাকে। পার্থর উদ্দেশে তাঁর কটাক্ষ, পার্থ জেঠু এবার শান্তি পেয়েছেন তো? এনিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে বিশেষ করে নৈহাটিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, অধুনা এনসিপি দলে যোগ দেওয়া পার্থ ভৌমিকের ইশারাতেই কি বিজেপি সরকার গ্রেপ্তার করল সনৎ দে’কে। তিনি ‘ভালো তৃণমূলের’ দলে যোগ দিলে গ্রেপ্তারি কি এড়াতে পারতেন?

Advertisement

২০২৪ সালে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে সনৎবাবুকে প্রার্থী করার পিছনে পার্থ ভৌমিকের অবদান ছিল। তিনি নিজের কেন্দ্রে সনৎ দে’কে প্রার্থী করার জন্য সুপারিশ করেছিলেন কালীঘাটে। তৃণমূলের প্রার্থী হয়ে সনৎবাবু জেতার পরও সেই সম্পর্কের বিশ্বাস অটুট ছিল। কিন্তু এরপর তাঁদের মধ্যে রসায়নের বদল হয়। সনৎবাবুর মেয়ে সুদেষ্ণা বলেন, ‘২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে সনৎ দে-র নাম ঘোষণার পর পরিবারের অন্য কাউকে জানানোর আগেই তিনি পার্থবাবুর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন। পার্থ জেঠুকে তিনি নিজের দাদার মতো ভাবতেন ও বিশ্বাস করতেন। কিন্তু বিপদের সময় সেই জেঠুকেই আর পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও সাংসদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।’ ফেসবুক পোস্টে তিনি বাবার গ্রেপ্তারি নিয়ে বিস্তারিত লেখার শেষে বলেছেন, ‘যাই হোক, আজ পার্থ জেঠু আপনি খুশি হয়েছেন তো। ভালো থাকবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ