নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্কলারশিপ পোর্টালে ‘অ্যাকাডেমিক ডেটা’ আপলোড না হওয়ায় বিপাকে পড়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পড়ুয়ারা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। সমস্যার কথা জানিয়ে পড়ুয়ারা কর্তৃপক্ষকে একাধিকবার ই-মেল করেছেন। কিন্তু তারপরও সমস্যা সমাধান হয়নি বলে অভিযোগ। পড়ুয়ারা বলেন, ফলাফল বেরনোর পরও সময়ে মার্কশিটের হার্ডকপি পাওয়া যাচ্ছে না। তার ফলে তাঁদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে সমস্যা হচ্ছে। এমনও দেখা গিয়েছে, কোনও কোনও ছাত্র বা ছাত্রী ষষ্ঠ সেমেস্টারে পরীক্ষা দিয়েছেন, অথচ তিনি তৃতীয়, চতুর্থ বা পঞ্চম সেমেস্টারের মার্কশিটের হার্ডকপি পাননি।
ষষ্ঠ সেমেস্টারের এক ছাত্রী লিখিত অভিযোগে জানিয়েছেন, এইমস এমএসসি মেডিকেল এন্ট্রাস পরীক্ষায় ষষ্ঠ র্যাঙ্ক করেছি। এইমস আমার কাছে থেকে বিএসসির ফলাফল অ্যাকাডেমিক নথির হার্ডকপি দেখতে চায়। কিন্তু এখনও আমাকে মার্কশিটের হার্ডকপি দেওয়া হয়নি। আরামবাগ গার্লস কলেজের ভূগোল বিভাগের এক ছাত্রী মেল করে কর্তৃপক্ষকে জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে যাই। কিন্তু পোর্টালে অ্যাকাডেমিক তথ্য আপলোড না থাকায় আবেদন করা যাচ্ছে না। একই দাবি জানিয়েছেন, অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা।
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুরনো অসুখ। কর্তৃপক্ষের গাফিলতির জন্য পড়ুয়াদের সমস্যা হচ্ছে। মার্কশিটের হার্ডকপি না থাকলে ছাত্রছাত্রীরা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। সর্বভারতীয় পরীক্ষায় সফল হওয়ার পরও শুধু মার্কশিটের জন্য পড়ুয়ারা বিপাকে পড়ছেন। এই পরিস্থিতি কেন হচ্ছে তার জবাব কর্তৃপক্ষকে দিতে হবে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।
তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাদ্দাম হোসেন বলেন, এর আগেও আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারপরও সমস্যা মেটেনি। সাধারণ ছাত্রছাত্রীরা বিপাকে পড়ছেন। অ্যাকাডেমিক তথ্য পোর্টালে আপলোড করার জন্য আলাদা কর্মী রয়েছেন। তারপরও কেন সময়ে তথ্য আপলোড হচ্ছে না তা বুঝতে পারছি না। সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
এক কলেজছাত্রী বলেন, পোর্টালে তথ্য আপলোড না হওয়ায় তৃতীয় সেমেস্টারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে অভিযোগ জানানো হয়েছিল। বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তারপর আর কিছুই হয়নি। বহু পড়ুয়া একই কারণে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, মার্কশিট সময়েই দেওয়া হয়। কোনও কোনও সময় টেকনিক্যাল সমস্যার জন্য দেরি হয়। পোর্টালে তথ্য আপলোড হতে কেন দেরি হচ্ছে সেটা গুরুত্ব দিয়ে দেখা হবে। আর এক আধিকারিক বলেন, সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি পড়ুয়াদের অভিযোগ নিষ্পত্তি করা হবে।