কলম্বো: বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তারপরেই শুরু প্রবল সমালোচনা। ঘরের মাঠে চেনা পরিবেশে সাফল্যের স্বপ্ন দেখেছিল দ্বীপরাষ্ট্র। গ্রুপ লিগে অস্ট্রেলিয়াকে হারানো সেই আশা আরও উসকে দেয়। তা সত্ত্বেও এই হাল কেন? অধিনায়ক দাসুন শানাকা ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হার একেবারেই মানতে পারছেন না তিনি। পাশাপাশি সমালোচকদের উপরেও তীব্র অভিমান তাঁর। শানাকা বলেছেন, ‘এমন নেতিবাচক পরিবেশে ফোকাস বজায় রাখা সত্যিই কঠিন। সামাজিক মাধ্যমেও ট্রোলিং লাগামছাড়া। পরবর্তী প্রজন্মের কথা ভেবে কষ্ট হয়। সরকারের উচিত, দ্রুত হস্তক্ষেপ করা।’



