নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কাশীপুরে। বুধবার ভোর ৩টে নাগাদ কাশীপুর থানার উদ্যান বাটির কাছে এক নির্মীয়মাণ প্রোমোটিং সাইটে ঘটেছে ঘটনাটি।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কাশীপুরে। বুধবার ভোর ৩টে নাগাদ কাশীপুর থানার উদ্যান বাটির কাছে এক নির্মীয়মাণ প্রোমোটিং সাইটে ঘটেছে ঘটনাটি।
কলকাতা পুলিশের এক সূত্র মারফত জানা গিয়েছে, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল জলপথে গঙ্গা পেরিয়ে ওই প্রোমোটিং সাইটে ডাকাতি করতে আসে। প্রোমোটিং সাইটের দুই নিরাপত্তারক্ষী তাদের বাধা দিতে গেলে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পালটা গুলি চালান নিরাপত্তারক্ষীরাও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উভয় পক্ষ মিলিয়ে মোট প্রায় ১০ রাউন্ড গুলি চলে। তবে হতাহতের কোনও খবর নেই। নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কাশীপুর থানার এসআই। থানা এলাকায় এতবড় ঘটনা ঘটে গেলেও কাশীপুর থানার ওসি সুদীপ্ত দাস
বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাননি বলে অভিযোগ। বিকেলে অন্য একটি সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) সায়ক দাস ঘটনাস্থলে যান। ডিসি নিজে নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও। এরপরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় কাশীপুর থানার ওসি সুদীপ্ত দাসের বিরুদ্ধে। তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, অন্তত ২ লক্ষাধিক টাকার সামগ্রী লুট করেছে ডাকাত দল। এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) সায়ক দাস, গোয়েন্দা প্রধান কুণাল আগরওয়াল এবং পুলিশ কমিশনার অজয় নন্দাকে দফায় দফায় ফোন করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি। এমনকী হোয়াটস অ্যাপে পাঠানো প্রশ্নের উত্তরও দেননি।