সংবাদদাতা, মানিকচক: অবশেষে ভূতনিতে বাঁধ নির্মাণে জমিজট কাটল। জেলাশাসক এবং বিধায়কের উপস্থিতিতে শনিবার মানিকচক ব্লকে প্রশাসনিক বৈঠক বসে। সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর কাজে সম্মতি দিলেন জমিদাতারা। খুব শীঘ্রই তাঁরা ক্ষতিপূরণের টাকা পাবেন। রবিবার থেকে বাঁধ নির্মাণ শুরু হয়ে যাবে। ভূতনীর কেশরপুর কালুটোলায় জমিজটকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বন্ধ বাঁধ নির্মাণের কাজ। বাঁধ নির্মাণে যে জমির প্রয়োজন তার ১৯০০মিটার জমিই রায়তি। সেই জমির ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করতে দিতে নারাজ চাষিরা। এমনকি সেচদপ্তরের কর্মী এবং আধিকারিকরা কাজ করতে গেলে স্থানীয়রা বাধা দেন। এই ঘটনা ঘিরে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে প্রশাসন বৈঠকে বসে। শেষমেশ এদিন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া, বিধায়ক সাবিত্রী মিত্র, অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, বিডিও অনুপ চক্রবর্তী সহ সেচদপ্তরের আধিকারিক ও জমিদাতাদের উপস্থিতিতে শুরু হয় বৈঠক। জমিজট সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জেলাশাসক। সেখানে জেলাশাসক জমিদাতাদের সামনে তুলে ধরেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ক্যাবিনেটে পাশ হওয়া জমির ক্ষতিপূরণের কাগজ। জমিদাতাদের জানান, ইতিমধ্যে জমির ক্ষতিপূরণের টাকা সেচ জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে। শীঘ্রই জমির মাপযোক করে প্রত্যেককে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। সেই কাগজ দেখে ও আশ্বাস পেয়ে কাজে সম্মতি দেন জমিদাতারা।



