রাঁচি: দলিত মহিলাকে হেনস্তা এবং জাত তুলে গালাগালি দেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করল ঝাড়খণ্ড পুলিশ। এর মধ্যে চারজন একই পরিবারের সদস্য। ওই মহিলাকে কুয়ো থেকে জল তুলতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গত ১০ অক্টোবর রাঁচির এইচইসি স্মার্ট সিটিতে এই ঘটনা ঘটে। মঞ্জু চৌধুরী নামে মহিলা ওই দিনই জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই পদক্ষেপ করেছে পুলিশ। সোমবার ওই মহিলার বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত পরিবারও। জগন্নাথপুর থানার ওসি নীতিনকুমার সিং বলেন, ‘অভিযুক্তরা ওই মহিলার প্রতিবেশী। ওই পরিবারের কুয়ো থেকে জল নিতেন মঞ্জু। কিন্তু ২৩ জুলাই থেকে তাঁকে জল নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ১০ অক্টোবর মহিলাকে হেনস্তা ও গালাগালি দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তপশিলি জাতি-উপজাতি নির্যাতন প্রতিরোধ আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।’ তিনি জানান, আরও তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।



