সংবাদদাতা, বালুরঘাট: প্রতারকদের ফাঁদে পড়ে ধাপে ধাপে ১০ হাজার টাকা খুইয়ে আত্মঘাতী হল কিশোর। পতিরাম থানার গোপালবাটি এলাকার এই ঘটনায় শোরগোল। বছর পনেরোর কিশোরটি তপনের একটি হস্টেলে থেকে ক্লাস নাইনে পড়াশোনা করত। তার পাঁচ বছরের ভাই অনেকদিন ধরে অসুস্থ। তার নার্ভের সমস্যা। কলকাতা ও বেঙ্গালুরুতে চিকিৎসা করেও সুস্থ হয়নি। প্রতিমাসে তার ওষুধের খরচ প্রায় ৪ হাজার টাকা। বাবা কৃষক। সোশ্যাল মিডিয়ায় রিল দেখে ভাইয়ের চিকিত্সায় সাহায্য পাওয়ার জন্য যোগাযোগ করে কিশোরটি। কিন্তু সাহায্য তো দূরঅস্ত, উল্টে সাইবার প্রতারকের ফাঁদে পড়ে যায় সে। প্রতারকদের ফাঁদে পড়ে ধাপে ধাপে প্রায় ১০ হাজার টাকা দিয়ে ফেলে। এরপর প্রতারকরা ফের ১১ হাজার টাকা দাবি করে। দাবিমতো টাকা দিতে না পারায় কিশোরকে হুমকি দেওয়া হয়। অভিযোগ, ব্ল্যাকমেলও করা হয় কিশোরকে। মানসিক অবসাদে বুধবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পুলিস দেহ উদ্ধারের পাশাপাশি মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। এবিষয়ে ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে।



