Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

‘অন্নপূর্ণা’ পাচ্ছেন কি না দেখার নামে অর্থ আত্মসাৎ, ময়ূরেশ্বরে গ্রাহকদের বিক্ষোভ আটক সিএসপি কর্মী

ময়ূরেশ্বরে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাৎ করে গ্রাহকদের বিক্ষোভে উত্তেজনা। সিএসপি কর্মী আটক, বিস্তারিত পড়ুন।

‘অন্নপূর্ণা’ পাচ্ছেন কি না দেখার নামে অর্থ আত্মসাৎ, ময়ূরেশ্বরে গ্রাহকদের বিক্ষোভ  আটক সিএসপি কর্মী
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কি না জানতে আসা মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ উঠল। বায়োমেট্রিক ছাপ নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি কর্মী গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। জালিয়াতির প্রতিবাদে বৃহস্পতিবার ময়ূরেশ্বরের রামনগর গ্রামে সিএসপির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবেদন জমা দেওয়া সত্ত্বেও বহু মহিলার অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণার টাকা ঢোকেনি। বেশ কিছুদিন ধরেই অনুদানের টাকা এসেছে কি না তা জানতে ব্যাঙ্কের পাশাপাশি স্থানীয় কাস্টমার সার্ভিস পয়েন্টেগুলিতে ভিড় জমাচ্ছেন মহিলারা। এই সুযোগ কাজে লাগিয়ে জালিয়াতির ফাঁদ পেতেছিলেন ময়ূরেশ্বরের রামনগর গ্রামের এক সিএসপি কর্মী। অভিযোগ, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না দেখার নাম করে গ্রাহকদের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক নিচ্ছেন তিনি। কিন্তু টাকা চেক করার সঙ্গে উলটে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব করে দিচ্ছেন। বিষয়টি জানাজানি হতেই এদিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। ময়ূরেশ্বরের ওই সিএসপি সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ উত্তেজিত গ্রাহকরা।  মালঞ্চ গ্রামের বাসিন্দা চায়না ভল্লা বলেন, কয়েকদিন আগে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এসেছে কিনা তা জানতে ওই সিএসপিতে গিয়েছিলাম। আঙুলের ছাপ দেওয়ার পর চেক করে জানায় টাকা আসেনি। বুধবার নপাড়া ব্যাঙ্কে গিয়ে জানতে পারি, আমার অ্যকাউন্ট থেকে ৩৬০০টাকা তুলে নিয়েছে। তাঁর দাবি, এই জালিয়াতি করেছে এই সিএসপির কর্মী। আপাতত এভাবে এলাকার তিন মহিলার অ্যাকাউন্ট থেকে এই কায়দায় টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন এলাকার মানুষজন। 
তবে এই সিএসপি কর্মীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল। চন্দ্রহাট গ্রামের বাসিন্দা তাপসী কাহার জানান, বছর দুয়েক আগে অ্যাকাউন্ট চেক করতে যাওয়ায় আঙুলের ছাপ নিয়ে ১২হাজার টাকা তুলে নেওয়া হয়েছিল। অভিযুক্তের শাস্তির দাবিতে গ্রাহকদের বিক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই সিএসপি কর্মীকে আপাতত আটক করা হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়লেই ঘটনার তদন্ত শুরু হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ