ধোনির আইপিএলে খেলা নিয়ে আশায় সিএসকে ফ্র্যাঞ্চাইজি
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: বয়সের ছাপ ধরা পড়ছে চোখে-মুখে। মেঘে মেঘে বেলা যে হয়েছে, তা স্পষ্ট। ৪৫ বছরের ধোনিকে নিয়ে ভক্তকুলের মনে একটাই প্রশ্ন, মাহি কি এবছর আইপিএলে খেলবেন? উত্তর অজানা। চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিকরা ধোনির খেলার ব্যাপারে ‌অবশ্য আশাবাদী। দলের সিইও কাশী বিশ্বনাথ জানিয়েছেন, ‘ধোনি খেলবে কিনা তার উত্তর ও দিতে পারবে। তবে আমি আশাবাদী। চেন্নাইয়ে এলে এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলব।’

Advertisement

গত কয়েক বছর ধরেই আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। কিন্তু প্রত্যেকবারই সমর্থকদের ডাকে সাড়ে দিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেননি মাহি। তাছাড়া হলুদ জার্সিতে তিনি ডাগ-আউটে বসলেও সিএসকে’র ব্র্যান্ড ভ্যালু এক ঝটকায় অনেকটাই বেড়ে যায়। গত মরশুমে একটাও ম্যাচ না খেলা মাহিকে নিয়ে উন্মাদনার কোনো খামতি চোখে পড়েনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, চেন্নাই সুপার কিংসের জার্সিটা এখন খুবই প্রয়োজন ধোনির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পর তাঁর ক্রিকেট ক্ষেত্র বলতে শুধুই আইপিএল। জনপ্রিয়তা ধরে রাখার জন্য তিনি চোট নিয়েই খেলছেন। কারণ, মাহি জানেন, পাকাপাকিভাবে ক্রিকেট থেকে অবসর নিলে ব্র্যান্ড ভ্যালু জোর ধাক্কা খাবে। তাই ধোনিই এখনও চেন্নাই শিবিরের অঘোষিত ‘অধিনায়ক’। তবে গত মরশুমে চোট সমস্যা বেশ ভুগিয়েছিল মাহিকে। ইচ্ছা থাকলেও তিনি নামতে পারেননি মাঠে। এবার প্রাক্তন অধিনায়ক সতর্ক। আইপিএলের আগে নিজেকে ফিট রাখার উপর বাড়তি জোর দিচ্ছেন। বেশ কয়েকটি ম্যাচ তাঁর খেলার ইচ্ছা রয়েছে। এমনটাই দাবি ঘনিষ্ঠদের।