


লিভারপুল-২ : ক্রিস্টাল প্যালেস-২
(একিতিকে, ফ্রিমপং) (মাটেটা, সার)
(টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে জয়ী ক্রিস্টাল প্যালেস)
লন্ডন: নতুন মরশুমের শুরুটা ভালো হল না গতবারের প্রিমিয়ার লিগ জয়ীদের। রবিবার কমিউনিটি শিল্ডে মুখ থুবড়ে পড়ল লিভারপুল। টাই-ব্রেকারে জিতে প্রথমবার এই ট্রফির স্বাদ পেল ক্রিস্টাল প্যালেস। ওয়েম্বলিতে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ২-২। এক ম্যাচের লড়াইয়ে অতিরিক্ত সময় নেই। ফলে সরাসরি টাই-ব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের। এই পর্বে ক্রিস্টাল গোলরক্ষক ডিন হ্যান্ডারসনের দুরন্ত দক্ষতায় ৩-২ ব্যবধানে বাজিমাত করল শতাব্দী প্রাচীন ক্লাবটি।
পুরো ম্যাচে একেবারে বিবর্ণ ছিলেন মহম্মদ সালাহ। টাই-ব্রেকারেও হতাশ করলেন তিনি। প্রথম শটই শূন্যে উড়িয়ে লিভারপুলকে চাপে ফেলে দেন মিশরের তারকা ফরোয়ার্ড। এরপর ম্যাক অ্যালিস্টার ও হার্ভে এলয়েটের শট রুখে দেন ক্রিস্টাল প্যালেসের জয়ের নায়ক হ্যান্ডারসন। পক্ষান্তরে এজে ও সোসা মিস করলেও বিজয়ীদের হয়ে জাল কাঁপাতে ভুল হয়নি মাটেটা, সার ও জাস্টিনের। ঐতিহাসিক কমিউনিটি শিল্ড জিতে সেলিব্রেশনে মাতেন প্যালেসের ফুটবলাররা।
গতবারের প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুল বনাম এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের দ্বৈরথ ঘিরে রবিবার ওয়েম্বলিতে উন্মাদনার পারদ চড়েছিল। শুরুতে প্রত্যাশিতভাবে অ্যানফিল্ডের ক্লাবটিরই দাপট ছিল। চতুর্থ মিনিটেই আসে কাঙ্ক্ষিত লিড। হুগো একিতিকের গোলে লিড নেয় আর্নে স্লট-ব্রিগেড। ফ্লোরিয়ান রিৎজের বাড়ানো পাস থেকে জাল কাঁপান লিভারপুলের নতুন রিক্রুট একিতিকে (১-০)। ফ্রান্সের এই তরুণ স্ট্রাইকারকে প্রায় ৯৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে দ্য রেডস। যদিও এই লিড বেশিক্ষণ ঘরে রাখতে পারেনি স্লটের দল। ১৭ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ক্রিস্টাল প্যালেসকে সমতায় ফেরান ফিলিপে মাটেটা (১-১)। এই পর্বে আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠেছিল। তবে ২১ মিনিটে আরও এক নতুন রিক্রুট জেরেমি ফ্রিমপং লিভারপুলকে ফের এগিয়ে দেন। সোবাসলাইয়ের পাস ধরে দুরন্ত লবে জাল কাঁপান তিনি (২-১)। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু ৭৭ মিনিটে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে ক্রিস্টাল প্যালেসকে সমতায় ফেরান সার (২-২)। নির্ধারিত সময়ে স্কোরলাইনে আর পরিবর্তন না ঘটায় খেলা গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে সালাহ, ম্যাক অ্যালিস্টারদের ব্যর্থতায় বাজিমাত করল ক্রিস্টাল প্যালেস। প্রশংসা প্রাপ্য প্যালেসের গোলরক্ষক ডিন হ্যান্ডারসনেরও।