নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঝাঁ চকচকে স্মার্টসিটি। পাশেই আইটি হাব। কিন্তু সেখানকার রাস্তার বেহাল অবস্থা। বড়ো বড়ো গর্ত। ভেঙে চৌচির। বৃষ্টি হলেই গোটা রাস্তা যেন আস্ত পুকুর! নিউটাউনের ইউনিটেক মার্কেটের গেট নম্বর-২ এলাকায় রাস্তার এমনই করুণ দশা। টানা বর্ষার কারণে দিন দিন রাস্তা আরও খারাপ হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এনিয়ে সরব হয়েছেন। ওই মার্কেটে অসংখ্য আইটি কর্মী যাতায়াত করেন। তাঁদের অনেকেই ক্ষুব্ধ। অভিযোগ, ওই মার্কেট থেকে ঢিল ছোড়া দূরত্বে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) অফিস। তা সত্ত্বেও রাস্তা সংস্কার হয়নি। মানুষের দুর্ভোগ চলছেই।
শুধু ওই এলাকা নয়। নিউটাউনের একাধিক জায়গায় রাস্তার হাল খুবই করুণ। বর্তমানে বিশ্ববাংলা সরণির উপরেও ছোটো ছোটো গর্ত হয়ে গিয়েছে। বিশ্ববাংলা সরণি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সকলেই দুর্ভোগের শিকার হচ্ছেন। নিউটাউনের ব্লকের ভিতরের রাস্তার অবস্থাও খারাপ। বেশিরভাগ এলাকায় বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। এনকেডিএ অফিস থেকে কিছুটা এগিয়ে বাঁদিক ঘুরলেই নিউটাউনের ইউনিটেক মার্কেটের গেট নম্বর-২ এলাকা। সেখানে রাস্তার ধারে অনেকগুলি দোকান রয়েছে। বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। মার্কেটের ভিতরে রাস্তা ভেঙেচুরে গিয়েছে। ঢোকার মুখে বড়ো বড়ো গর্ত। বৃষ্টি হলে জল জমে থাকে। সেই সময় কাদা মাড়িয়ে যাতায়াত করতে দুর্ভোগ আরও বাড়ে। হেঁটে পারাপার করাই মুশকিল হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে নিয়মিত রাস্তা রক্ষণাবেক্ষণ করা হত। কিন্তু দীর্ঘদিন সেই কাজ না হওয়ায় এই অবস্থা দাঁড়িয়েছে রাস্তাঘাটের। দ্রুত সংস্কার না করলে আরও শোচনীয় অবস্থা হবে। এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের অ্যাকশন এরিয়া-১, অ্যাকশন এরিয়া-২ এবং অ্যাকশন এরিয়া-৩ এলাকার রাস্তা সংস্কারের জন্য ৮৩ লক্ষ ৬৪ হাজার টাকা খরচ করা হবে। টেন্ডার হয়ে গিয়েছে। পুজোর আগেই সংস্কারের কাজ হবে।