নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় অশান্তির কারণে এপ্রিল থেকে জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ছিল বেশ চড়া। সেই তেল আমদানি করতে ভারতকেও গুনতে হয়েছে বাড়তি ডলার। পেট্রলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের (পিপিএসি) হিসাব, এই চারমাসে তেল আমদানির খরচ আগের বছরের থেকে ৫৬.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪০ কোটি ডলারে। আসলে অশোধিত তেলের দাম বাড়লেও দেশের চাহিদার কারণে আমদানি কমানো যায়নি। বরং গত বছরের থেকে আমদানির পরিমাণ সামান্য হলেও বেড়েছে। গত বছর এপ্রিল-জুলাই মাসে আমদানি করা হয়েছিল ৮ কোটি ১৫ লক্ষ টন অপরিশোধিত তেল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লক্ষ টন। পিপিএসি আলাদা করে জুলাই মাসের তেল আমদানির পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, জুলাইয়ে আমদানির খরচ ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ কোটি ডলার। আমদানির পরিমাণও ১৩.২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ কোটি ১৪ লক্ষ টন।



