Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটের কৌশল মেলায় উপচে পড়ল ভিড়, দুই হাজারের বেশি প্রার্থী পেলেন চাকরি

কৌশল মেলায় রেজিস্ট্রেশনের সংখ্যা প্রায় সাত হাজার। অথচ মেলায় হাজির হয়েছেন প্রায় দশ হাজারের বেশি বেকার যুবক-যুবতী।

বালুরঘাটের কৌশল মেলায় উপচে পড়ল ভিড়, দুই হাজারের বেশি প্রার্থী পেলেন চাকরি
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: কৌশল মেলায় রেজিস্ট্রেশনের সংখ্যা প্রায় সাত হাজার। অথচ মেলায় হাজির হয়েছেন প্রায় দশ হাজারের বেশি বেকার যুবক-যুবতী। ফলে মঙ্গলবার কৌশল মেলায় ফর্ম তুলতে লম্বা লাইন পড়ে।  রীতিমতো হুড়োহুড়ি পড়ে। এক সময় ফর্ম শেষ হয়ে যায়। পরে কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার ফর্ম বিলি শুরু হয়। তীব্র গরম, অনেকে অসুস্থ হয়ে পড়েন। বহু চাকরি প্রার্থী লম্বা লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছেন। শুধু তাই নয়, ইন্টারভিউ দিয়ে বেসরকারি কোম্পানিতে চাকরিও পেয়ে গিয়েছেন। মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ২০০০ ছেলে মেয়ের চাকরি নিশ্চিত হয়েছে। বেকার যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে ওই সংস্থাগুলি। তবে অনেকে হুড়োহুড়ির জেরে ফর্ম পাননি। অনেকে ফর্ম পেলেও ইন্টারভিউ-এর লম্বা লাইনে আর অপেক্ষা করতে চাননি।

Advertisement

মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে একদিকে চলে ইন্টারভিউ ও নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে বিশাল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বেশ কিছু যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন বিশেষ অতিথিরা। উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী ও একঝাঁক বিধায়ক। উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রালয়ের ডিরেক্টর ভি. এস অরবিন্দ, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, জেলার তিন বিধায়ক বিদ্যুৎ কুমার রায় , বুধরাই টুডু, সত্যেন রায় সহ অন্যান্যরা। 
সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বালুরঘাটে এই ধরনের জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এটা আমাদের কাছে গর্ব। বহু চাকরিপ্রার্থী লম্বা লাইন দিয়ে ইন্টারভিউ দিয়েছেন। বহু চাকরিপ্রার্থী কাজ পেয়েছেন। তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যাঁরা আজ সুযোগ পাননি তাঁদের আগামীতে যেখানে জব ফেয়ার হবে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমার একটি নিজস্ব অ্যাপ রয়েছে। সেই অ্যাপেও এই ধরনের চাকরির সুযোগের তথ্য থাকে। তাই সবাইকে অনুরোধ করব আমার অ্যাপটিতে নজর রাখার জন্য। এই দপ্তর চাকরির সুযোগের পাশাপাশি স্কিল অর্জনেরও সুযোগ করে দিচ্ছে। 
রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, আমাদের রাজ্যের ছেলে মেয়েরা ভিন রাজ্যে কাজ করতে যাবেন কেন? পরিযায়ী শ্রমিকের কাজই তাঁরা কেন করবেন?
মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাট স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা ছিল। জেলার দূর-দূরান্ত থেকে বাসে করে ছেলেমেয়েরা বালুরঘাট স্টেডিয়ামে প্রবেশ করেছেন। মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা এদিন উপস্থিত হয়েছিলেন।
টেন্ট করে প্রায় ৫৪টি কোম্পানি ইন্টারভিউ নেয়। সব কোম্পানির পক্ষ থেকে এদিন নিয়োগ পত্র দেওয়া হয়।
এদিন চাকরি পেয়েছেন নিপা শীল। তিনি বলেন,  দীর্ঘদিন ধরে আমি চাকরি খুঁজছিলাম। আজ সরাসরি ইন্টারভিউ দিয়ে একটি বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছি। তার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।  বালুরঘাট স্টেডিয়ামে চাকরির মেলায় ভিড়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ