সংবাদদাতা, ঝালদা: শারদোৎসবের আনন্দে মেতে উঠেছে বাংলা। শহরের মণ্ডপে মণ্ডপে যখন দর্শনার্থীদের ভিড়, তখন উৎসবের ছুটিকে কাজে লাগিয়ে প্রকৃতির টানে পুরুলিয়ামুখী হয়েছেন বহু পর্যটক। পাহাড়, ঝরনা, জলাধার আর সবুজের হাতছানিতে দুর্গাপুজোর মরশুমে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে জেলার পর্যটন কেন্দ্রগুলি। অযোধ্যা পাহাড় থেকে মুরুগুমা জলাধার, বামনি ঝরনা থেকে খয়রাবেড়া-সর্বত্রই চোখে পড়ছে পর্যটকদের আনাগোনা।
পর্যটনের মরশুমে পুরুলিয়ায় পর্যটকদের আসা-যাওয়া নতুন কিছু নয়। তবে দুর্গাপুজোর ছুটি পড়তেই সেই ভিড় যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন্রাজ্য থেকেও বহু মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসছে জঙ্গলমহলের এই জেলায়। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কাটানোই উদ্দেশ্য। পর্যটকদের অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, মেঘে ঢাকা পাহাড়চূড়া, সবুজের বিস্তার আর মনোরম পরিবেশ পর্যটকদের বিশেষভাবে টানছে। পুজোর ছুটিকে কেন্দ্র করে পাহাড়ের উপরের হোটেল ও রিসর্টগুলিতে আগাম বুকিং শুরু হয়েছিল বেশ কিছু দিন আগে থেকেই। বর্তমানে বহু জায়গায় ঘর পাওয়া কঠিন। পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গেও পরিচিত হচ্ছেন পর্যটকরা।
সেই সঙ্গে মুরুগুমা জলাধার, বামনি ঝরনা এবং খয়রাবেড়ার মতো পর্যটন কেন্দ্রগুলিতেও ভিড় জমছে। এদিন পকরোকচা জলাধার সহ জেলার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকায় পর্যটকদের আনাগোনা দেখা যায়। শুধু পরিচিত পর্যটন কেন্দ্র নয়, তুলনায় নির্জন এবং কম পরিচিত জায়গাগুলিও ঘুরে দেখছেন অনেকে। বছরের অন্য সময়ে যেখানে পর্যটকদের উপস্থিতি তেমন চোখে পড়ে না, পুজোর ছুটিতে সেখানেও পৌঁছে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
পুরুলিয়ার আকর্ষণ অবশ্য শুধু পাহাড়-ঝরনায় সীমাবদ্ধ নয়। পাহাড়ের উপরের পুজো, আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী চড়িদা গ্রামের মুখোশশিল্পও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। বাঘমুণ্ডির চড়িদায় শিল্পীদের হাতে তৈরি ছৌ-মুখোশ দেখতে ও কিনতে ভিড় করছেন অনেকে। ফলে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি জেলার লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাচ্ছেন তাঁরা।
সব মিলিয়ে দুর্গাপুজোর ছুটিতে পুরুলিয়ার পর্যটন মানচিত্রে যেন উৎসবের রং আরও গাঢ় হয়েছে। পাহাড়, জলাধার ও লোকসংস্কৃতির মেলবন্ধনে পর্যটকদের পছন্দের তালিকায় ফের জায়গা করে নিচ্ছে জঙ্গলমহলের এই জেলা।



