নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের পড়ন্ত বিকেল। মহমেডান স্পোর্টিংয়ে টিকিট কাউন্টার বন্ধ দেখে ইডেনের ক্লাবহাউস গেটে উপস্থিত জনা চারেক তরুণ। উদগ্রীব গলায় নিরাপত্তারক্ষীকে তাঁদের প্রশ্ন, ‘মালদহ থেকে এসেছি। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকিট কোথায় পাওয়া যাচ্ছে?’ হতাশ সুরে নিরাপত্তারক্ষীর জবাব, ‘তোমরা জানতে পারলে আমায় জানিও। আমিও টিকিটের খোঁজে রয়েছি।’ আসলে রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের টিকিট ঘিরে রীতিমতো হাহাকার। অনুরাগীরা ধরেই নিয়েছেন, বৃহস্পতিবার জিম্বাবোয়েকে হারাবে ভারত। সেক্ষেত্রে ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেই অগ্নিপরীক্ষা সূর্যকুমারদের। স্বাভাবিকভাবেই এই ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। কিন্তু সমস্যা হচ্ছে, অনলাইনে এই ম্যাচের টিকিট এখন মিলছে না। সাইটে ঢুকলেই চোখে পড়ছে, কামিং সুন। তাই অপেক্ষা না করে কলকাতাতেই হাজির হয়েছেন মালদহ নিবাসী চার বন্ধু। সিএবি থেকে অবশ্য জানানো হল, টিকিট মিলবে এবার অনলাইনেই। এমন চাহিদার কারণে কালোবাজারির আশঙ্কাও বেড়েছে।



