সংবাদদাতা, কাকদ্বীপ: নদীবাঁধ পেরিয়ে গ্রামের পুকুরে ঢুকে পড়ল কুমির। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার মাধবনগর এলাকায়। শনিবার দুপুরে গ্রামবাসীরা পুকুরের পাড়ে একটি কুমিরকে শুয়ে থাকতে দেখেন। এরপর থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষণ পরই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করেন। রবিবার সকাল পর্যন্ত ওই এলাকায় তল্লাশি চালালেও কোনো কুমিরের হদিশ পাওয়া যায়নি। এমনকী গ্রামের বেশ কয়েকটি পুকুরে জাল টানা হয়েছে। এছাড়াও জলবোমা ফাটানো হয়েছে। তাতেও কোনো লাভ হয়নি। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা মল্লিকা হালদার বলেন, গ্রামের পাশেই জগদ্দল নদী রয়েছে। ওই নদী থেকে কুমিরটি পুকুরে ঢুকে পড়েছে। বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও কুমিরটির হদিশ পাওয়া যাচ্ছে না। ফলে গ্রামবাসীরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে বনদপ্তরের কর্মীদের প্রাথমিক অনুমান, কুমিরটি আবার নদীতে ফিরে গিয়েছে। যদিও বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ওই পুকুরের আশেপাশের এলাকায় নজরদারি চালাবেন। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।



