নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ছিল জাতীয় স্ট্যাটিস্টিক্যাল দিবস। এই উপলক্ষ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (আইএসআই) হল একটি অনুষ্ঠান। সংস্থার জন্য কেন্দ্রীয় সরকার যে নতুন বিল আনতে চাইছে, ওই মঞ্চ থেকে তার কড়া সমালোচনা করা হল। বরানগর প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণে অধ্যাপিকা পারমিতা দাস খসড়া বিলের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সংস্থাটিকে সোসাইটি থেকে কর্পোরেট চেহারা দেওয়া হচ্ছে। আছে আরো একাধিক আপত্তিকর দিক। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা জরুরি। আইএসআইয়ের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর অর্মত্য দত্ত এবং অন্য একাধিক বিশিষ্ট অতিথি।
কেন্দ্রীয় সরকার আইএসআইয়ের গঠন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ের আমূল পরিবর্তন আনতে চায়। হাতিয়ার এই খসড়া বিল। দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে এর বিরুদ্ধে কয়েকমাস যাবৎ প্রতিবাদ আন্দোলন চলছে। আইএসআই সূত্রের খবর, সংস্থার চেয়ারম্যান পদে আনা হতে পারে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ীকে। সংস্থার ডিরেক্টর এই অনুষ্ঠানে আইএসআইয়ের বিভিন্ন সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরেন। ওই প্রসঙ্গে জানান, সম্প্রতি অশোকবাবু তাঁকে বলেছেন ‘সেই আইএসআই আর নেই’!
পারমিতা দাস বলেন, নতুন বিল আনার জন্য আইএসআইয়ের উৎকর্ষ বৃদ্ধির দাবি করা হচ্ছে। তিনি নির্দিষ্ট উদাহরণ দিয়ে বলেন, আইএসআই তার উৎকর্ষ দেখিয়েই চলেছে। খসড়া বিলে ছাত্রদের টিউশিন ফি বৃদ্ধির যে প্রস্তাব রয়েছে তাতে মেধাবী পড়ুয়ারা এখানে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। মেধাবী ও গরিব পড়ুয়ারা বৃত্তির টাকায় এখন শিক্ষার সুযোগ পান। কেন্দ্রীয় সরকারের সংখ্যাতত্ত্ব সংক্রান্ত কাজকর্ম এবং বিলের একাধিক বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন।