Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

এখনই অবসর নিচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দশ পাতার চিঠিতে কোচের সমালোচনা

কোচের সঙ্গে ঝামেলার জেরে নেশনস লিগের মাঝেই পর্তুগাল শিবির ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এখনই অবসর নিচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দশ পাতার চিঠিতে কোচের সমালোচনা
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: কোচের সঙ্গে ঝামেলার জেরে নেশনস লিগের মাঝেই পর্তুগাল শিবির ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর থেকেই মহাতারকার অবসরের জল্পনা জোরালো হচ্ছিল। তবে তা উড়িয়ে দিলেন খোদ সিআরসেভেনই। জানিয়ে দিলেন, দেশের জার্সিতে লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। পাশাপাশি খোলা চিঠিতে কোচ জর্জ হেসাসের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগ করেছেন তিনি।

Advertisement

দশ পাতার চিঠিতে রোনাল্ডো লিখেছেন, ‘২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের সমর্থকদের জন্য এক বিদায়ী বার্তা তৈরি করেছিলাম। চিঠিটা এখনও আমার কাছে রয়েছে। কিন্তু পর্তুগাল ফেডারেশনের সভাপতির অনুরোধে সিদ্ধান্ত থেকে সরে আসি। এরপর নতুন কোচ নিয়োগের ক্ষেত্রেও আমার মত জানতে চেয়েছিলেন সভাপতি। আমি জর্জের কথাই উল্লেখ করি। এবং তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পর আমার সঙ্গে যোগাযোগ করেন। কোচ বলেন, তাঁর পরিকল্পনাতে আমি রয়েছি। সেই মতো জাতীয় শিবিরে যোগ দিই। প্রাথমিকভাবে নরওয়ে ম্যাচে আমার খেলার কথা ছিল না। কিন্তু কোচ নিজেই এসে আমায় জানান, ৩০ মিনিট খেলার কথা। আমি রাজি হয়েছিলাম। তারপর কী হয়েছে, সবাই দেখেছেন। ওয়ার্ম-আপ করিয়েও আমায় মাঠে নামানো হয়নি। ঝামেলা মেটাতে পরে কোচ ও প্রেসিডেন্ট আমার সঙ্গে আলোচনায় বসেন। সেখানে ঠিক হয়, সাংবাদিক সম্মেলনে কোচই সকলকে জানাবেন যে, আমায় খেলানোর কথা বলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি। পেলে-মারাদোনার মাপের একজন খেলোয়াড়কে ম্যাচে না নামিয়ে কেবল ওয়ার্ম-আপ করানো ভুল হয়েছে। ভবিষ্যতে এমন ভুল হবে না। কিন্তু তিনি তার কিছুই বলেননি। দ্বিতীয়বার বিশ্বাসভঙ্গই করেছেন। তাই অপেক্ষা না করেই ক্যাম্প ছাড়ি।’ রোনাল্ডো এটাও জানান যে, ক্যাপ্টেন হয়ে শিবির ছাড়া ভুল হয়েছে। তার জন্য তাঁকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আর অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘শারীরিকভাবে ফিট থাকলে আমি জাতীয় দলের হয়ে লড়াই করতে প্রস্তুত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ